ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া বা ‘ফার্স্ট ক্রিটিক্যালিটি’ শুরুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা)। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ইউনিট-১-এর জন্য B-2 কমিশনিং লাইসেন্স অনুমোদন করা হয়।
এই অনুমোদনের ফলে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার ইউনিটটি পারমাণবিক বিক্রিয়ার গুরুত্বপূর্ণ ধাপে প্রবেশের সুযোগ পেল। ‘ক্রিটিক্যালিটি’ হলো এমন একটি পর্যায়, যখন রিঅ্যাক্টরে স্বয়ংসম্পূর্ণ পারমাণবিক চেইন রিঅ্যাকশন শুরু হয়। বিদ্যুৎ উৎপাদনের আগে এটি অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ।
এর আগে ইউনিটটির কমিশনিং প্রক্রিয়ায় নিরাপত্তা ভাল্ব-সংক্রান্ত কারিগরি জটিলতা দেখা দিয়েছিল। পরে ভাল্ব পরিবর্তন ও প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন করা হয়। ৩০ সেপ্টেম্বর প্রেসার অপারেটেড রিলিফ ভাল্ব (PORV/POSV) ব্যবস্থার ১৬ মেগাপাসকেল উচ্চচাপের পরীক্ষাও সফলভাবে সম্পন্ন হয়।
বায়েরা চেয়ারম্যান মাহমুদুল হাসান জানিয়েছেন, B-1 ধাপ শেষ হওয়ার পর ইউনিট-১-কে B-2 ধাপে যাওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। B-2 ধাপ সফলভাবে সম্পন্ন হলে পরবর্তী C ও D লাইসেন্সিং ধাপ এগিয়ে নেওয়া হবে। জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের আগে এসব ধাপ সম্পন্ন করতে হবে।
প্রকল্পসংশ্লিষ্টরা জানিয়েছেন, পরবর্তী ধাপগুলো সফলভাবে শেষ হলে প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। বর্তমানে রূপপুরের প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে গেছে।