বিমানবন্দরে বিদেশযাত্রায় বাধার অভিযোগ মাহদী হাসানের

বিমানবন্দরে বিদেশযাত্রায় বাধার অভিযোগ মাহদী হাসানের

মুক্তমন রিপোর্ট : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাবেক সদস্যসচিব মাহদী হাসানকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ যেতে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে মাহদী হাসান নিজেই গণমাধ্যমকে বিষয়টি জানান। তিনি বলেন, ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে তাঁর জামাইকা যাওয়ার কথা ছিল। ফ্লাইটটির নির্ধারিত সময় ছিল রাত ৯টা ৩৫ মিনিট। তবে বিমানবন্দরে তাকে যেতে দেওয়া হয়নি।

মাহদী হাসানের দাবি, তাঁর বিরুদ্ধে থাকা সব মামলায় তিনি জামিনে রয়েছেন। এরপরও বিদেশযাত্রার অনুমতি না দিয়ে পুলিশের পক্ষ থেকে আদালতের অনুমতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, পরে বিমানবন্দর এলাকা থেকে চলে যান এবং নির্ধারিত ফ্লাইটে জামাইকা যেতে পারেননি।

তবে মাহদী হাসানকে বিদেশ যেতে বাধা দেওয়ার কারণ বা কোন কর্তৃপক্ষের নির্দেশে এমনটি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিমানবন্দর থানার ডিউটি অফিসার এ বিষয়ে কোনো তথ্য জানেন না বলে জানিয়েছেন।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারত থেকে দেশে ফেরার পরও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাহদী হাসানকে ইমিগ্রেশন পুলিশ জিজ্ঞাসাবাদ করেছিল বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।

বর্তমান ঘটনায় বিদেশযাত্রায় বাধা দেওয়ার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।