মুক্তমন রিপোর্ট : নিজের কাজের ধরন, ব্যক্তিগত জীবনযাপন ও অবসেসিভ কমপালসিভ ডিজঅর্ডার (ওসিডি) নিয়ে কথা বলেছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, সিগারেটের গন্ধে অস্বস্তি হয় তাঁর। এ কারণে শুটিংয়ের পরিবেশেও কখনো কখনো সমস্যায় পড়তে হয়।
অভিনয়ে এখন আগের মতো নিয়মিত না হলেও বিভিন্ন অনুষ্ঠান ও আয়োজনে দেখা যায় প্রভাকে। তিনি জানান, এখন থেকে যেকোনো ধরনের নাটক বা কাজে যুক্ত হতে চান না।কাজের বিষয়ে নিজের অবস্থান তুলে ধরে প্রভা বলেন, ‘আমার একটা সময় পর্দায় প্রয়োজন ছিল। এখন আমি ফিল করি, আমার যে শিল্পীসত্তা, সেটা আসলে কাজে লাগাতে চাই। যে কাজ করে আমি তৃপ্তি পাব, যে কাজ করে আমার মনে হবে, আমি একজন অ্যাক্টর এবং এই কাজটা করে মনে হয়েছে ভালো কাজ করেছি।
কারণ বহু বছর ভালো কাজ, খারাপ কাজ, অনুরোধের কাজ—সব রকমের কাজ আমাকে করতে হয়েছে। আমি এখন আর এসব কাজ করতে চাই না।’নিজের ওসিডি ও জীবনযাপনের অভ্যাস সম্পর্কে অভিনেত্রী বলেন, তিনি খুব একটা শুটিং-ফ্রেন্ডলি নন। তাঁর ভাষ্য, ওসিডির কারণে নির্দিষ্ট নিয়ম মেনে চলতে পছন্দ করেন।
সিগারেটের গন্ধও তাঁকে অস্বস্তিতে ফেলে।প্রভা বলেন, আমি খুব শান্তিপ্রিয় মানুষ এবং খুব নিয়ম মেনে জীবনযাপন করতে পছন্দ করি। সকালে ঠিক সময়ে উঠব, অফিসে যাব, অফিস থেকে জিমে যাব। এরপর বাসায় ফিরে ১০টা-১১টার মধ্যে ঘুমানোর চেষ্টা করব। এই জীবনটা আমি অনেক উপভোগ করি।
অনুষ্ঠানে নিজের ভ্রমণের অভ্যাস ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশের বিষয়েও কথা বলেন প্রভা। তিনি জানান, কাজের ব্যস্ততার কারণে খুব বেশি ছুটি পান না। তবে কাজের প্রয়োজনে কিংবা নিজের শখে বিভিন্ন জায়গায় ঘুরতে যান।
সম্প্রতি শ্রীলঙ্কা ভ্রমণের অভিজ্ঞতাও তুলে ধরেন এই অভিনেত্রী। তাঁর মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে পুরোনো ভ্রমণের ছবি ও ভিডিও প্রকাশ করায় অনেকে মনে করেন তিনি প্রায়ই বিদেশে থাকেন।
Muktomon/TA