শিশুদের সহায়তায় অনুদান সংগ্রহে ইউনিসেফ-বিকাশ চুক্তি

শিশুদের কল্যাণে অনুদান সংগ্রহের জন্য ইউনিসেফ ও বিকাশের চুক্তি স্বাক্ষর
শিশুদের কল্যাণে অনুদান সংগ্রহের জন্য ইউনিসেফ ও বিকাশের চুক্তি স্বাক্ষর

মুক্তমন রিপোর্ট : বাংলাদেশের শিশুদের কল্যাণে অনুদান পাঠানো সহজ করতে অংশীদারত্ব চুক্তি করেছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ ও মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ। এ চুক্তির ফলে বিকাশ অ্যাপ ও প্রতিষ্ঠানটির অফলাইন মার্চেন্ট নেটওয়ার্ক ব্যবহার করে সহজেই ইউনিসেফের তহবিলে অনুদান দিতে পারবেন সাধারণ মানুষ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকাশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকাশ অ্যাপে লগইন করে ‘ডোনেশন’ অপশন থেকে ইউনিসেফ নির্বাচন করলেই সরাসরি অনুদান পাঠানো যাবে। একই সঙ্গে দেশজুড়ে বিকাশের অফলাইন মার্চেন্ট নেটওয়ার্কের মাধ্যমেও অনুদান দেওয়ার সুযোগ থাকছে।

ইউনিসেফের প্রাইভেট ফান্ডরাইজিং অ্যান্ড পার্টনারশিপের বৈশ্বিক পরিচালক কারলা হাদ্দাদ মারদিনি বলেন, বিকাশের সঙ্গে এ অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে সহজে ও নিরাপদে যুক্ত হওয়া সম্ভব হবে। এর ফলে শিশুদের কল্যাণে তহবিল সংগ্রহের সুযোগ আরও বাড়বে।

তিনি বলেন, শিশুদের সুস্থভাবে বেঁচে থাকা, মানসম্মত শিক্ষা লাভ এবং পূর্ণ বিকাশের জন্য প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে ইউনিসেফ কাজ করছে। এ উদ্যোগের মাধ্যমে আরও বেশি শিশুর কাছে সহায়তা পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হবে।

বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কামাল কাদীর বলেন, সমাজের সামগ্রিক অগ্রগতিতে ভূমিকা রাখাই বিকাশের অন্যতম লক্ষ্য। ডিজিটাল অনুদান প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকেরা তাঁদের পছন্দের প্রতিষ্ঠানে সহজে অনুদান দিতে পারছেন। ইউনিসেফের সঙ্গে এ অংশীদারত্ব শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার প্রচেষ্টাকে আরও এগিয়ে নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

কারলা হাদ্দাদ মারদিনি ও কামাল কাদীরের উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, বিকাশ অ্যাপের ডোনেশন বিভাগে ইউনিসেফ স্থায়ীভাবে যুক্ত থাকবে। এর মাধ্যমে অনুদান সংগ্রহের পাশাপাশি শিশু অধিকার বিষয়ে সচেতনতা বাড়ানোর উদ্যোগও সম্প্রসারিত হবে।

Muktomon/TA