বিনোদন ডেস্ক : অতিপ্রাকৃত ও ভৌতিক গল্পনির্ভর তুর্কি সিনেমা ‘সয়’ এবার মুক্তি পাচ্ছে বাংলাদেশের প্রেক্ষাগৃহে। শুক্রবার (১৩ নভেম্বর) থেকে স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় দেখা যাবে সিনেমাটি।
ম্যাক্সিম আলেকজান্দ্রে পরিচালিত ছবিটির গল্প আবর্তিত হয়েছে পারিবারিক অভিশাপ, প্রাচীন মিসরীয় রহস্য, অশুভ শক্তি এবং ইস্তাম্বুলের একটি রহস্যময় প্রাসাদকে ঘিরে।
সিনেমার গল্প শুরু হয় প্রায় ৬০ বছর আগে মিসরের একটি প্রাচীন সমাধি লুণ্ঠনের ঘটনা দিয়ে। সেখানে মুরাত নামের এক ব্যক্তি একটি প্রাচীন চিত্রকর্ম খুঁজে পান। অজান্তেই সেটি তাঁকে এক ভয়ংকর অভিশাপের মুখোমুখি করে। এর জেরে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে ইস্তাম্বুলের একটি অন্ধকার প্রাসাদে বন্দিজীবন কাটাতে হয় তাঁকে।
বহু বছর পর মৃত্যুশয্যায় থাকা মুরাত তাঁর নাতি ক্যানকে সেই প্রাসাদে ডেকে পাঠান। দাদার ডাকে প্রেমিকা বাসাক ও কয়েকজন বন্ধুকে নিয়ে পরিবারের পুরোনো প্রাসাদে যায় ক্যান। সেখানে পৌঁছানোর পর ঘন কুয়াশা প্রাসাদটিকে বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে ফেলে। একপর্যায়ে পরিবারের অতীতের গোপন ও অন্ধকার ইতিহাস সামনে আসতে শুরু করে।
প্রাচীন মিসরীয় অভিশাপ, রহস্যময় প্রাসাদ, পারিবারিক গোপন ইতিহাস এবং মনস্তাত্ত্বিক ভয়ের সমন্বয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে অভিনয় করেছেন বরিস আর্ডুক, তুবা বুয়ুকুস্তুন ও ফারাহ জেনেপ আব্দুল্লাহসহ অনেকে।
তুর্কি টিভি সিরিজের পাশাপাশি দেশটির সিনেমাও আন্তর্জাতিক দর্শকদের মধ্যে পরিচিতি পাচ্ছে। সেই ধারাবাহিকতায় ‘সয়’ এবার বাংলাদেশের দর্শকদের সামনে আসছে।
Muktomon/TA