মুক্তমন রিপোর্ট : চট্টগ্রামের রাউজানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ আব্দুর রহিম বাদশা (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
রোববার (১ নভেম্বর) ভোরে রাউজান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ছত্রপাড়া এলাকার ছত্রপাড়া-ডাবুয়া হিংগলা সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শাহ আব্দুল হক ফকিরের মাজারসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করে পুলিশ।
গ্রেপ্তার আব্দুর রহিম বাদশা রাউজান উপজেলার ২ নম্বর ডাবুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হিংগলা নতুনপাড়া এলাকার মিয়া মেম্বার বাড়ির মৃত রাজা মিয়ার ছেলে।
পুলিশ জানায়, অস্ত্র কেনাবেচা ও অপরাধমূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে এক যুবক অস্ত্রসহ অবস্থান করছেন—গোপন সূত্রে এমন তথ্য পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় বাদশাকে আটক করে তল্লাশি চালালে তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। পিস্তলটির গায়ে ‘মেড ইন ইউএসএ’ লেখা ছিল। এ ছাড়া পিস্তলে লোড করা একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি জব্দ করা হয়।
রোববার দুপুরে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম। তিনি বলেন, বাদশার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানতে পেরেছে। তাঁর কাছে অস্ত্র রাখার কারণ এবং এটি দিয়ে কী করতেন, তা জিজ্ঞাসাবাদে জানা যাবে।
এ ঘটনায় রাউজান থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আমিন বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করেছেন। পরে আইনি প্রক্রিয়া শেষে রোববার সকালে তাঁকে আদালতের মাধ্যমে চট্টগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।
Muktomon/TA