মুক্তমন রিপোর্ট : সরকারি চাকরিতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও কার্যকারিতা বাড়িয়ে জনসেবা আরও গতিশীল করার লক্ষ্যে সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি (জিপিএমএস) বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করেছে মন্ত্রিসভা কমিটি। একই সঙ্গে পদ্ধতিটি সহজীকরণ এবং মধ্যমেয়াদি বাজেট কাঠামো (এমটিবিএফ) নিয়ে পরামর্শ দিতে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (১ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে জিপিএমএস বাস্তবায়নের লক্ষ্যে গঠিত মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সভায় কমিটির সদস্য জনপ্রশাসন উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ এবং জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী উপস্থিত ছিলেন। এ ছাড়া মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সচিবরা অংশ নেন।
সভায় সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি (Government Performance Monitoring System—GPMS) বাস্তবায়নের সার্বিক অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ২০২৬-২০২৭ অর্থবছরের জিপিএমএস পর্যালোচনা করা হয়।
এ ছাড়া ২০২৫-২০২৬ অর্থবছরে বাস্তবায়িত জিপিএমএসের সার্বিক মূল্যায়ন প্রতিবেদন পর্যালোচনা করা হয়। সরকারি দপ্তরগুলোতে সুশাসন প্রতিষ্ঠা, সরকারের নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সময়াবদ্ধ পরিকল্পনা প্রণয়ন এবং নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে কার্যকর পরিবীক্ষণ ও মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করেন সভায় অংশগ্রহণকারীরা।
জিপিএমএস সহজীকরণ এবং মধ্যমেয়াদি বাজেট কাঠামো (এমটিবিএফ) সংক্রান্ত বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য মন্ত্রিপরিষদ সচিবকে প্রধান করে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ২০ ধারা এবং সচিবালয় নির্দেশমালা, ২০২৪-এর ২৫৫ নম্বর নির্দেশনার আলোকে সরকারি অফিসগুলোর কর্মসম্পাদন ব্যবস্থাপনা সুদৃঢ় করতে জিপিএমএস প্রবর্তন করা হয়েছে। বর্তমানে ৫২টি মন্ত্রণালয় ও বিভাগ, ৩৮৬টি দপ্তর ও সংস্থাসহ বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের মাঠপ্রশাসনে এ পদ্ধতির কার্যক্রম চলমান রয়েছে।
Muktomon/TA