পার্বত্য চট্টগ্রামকে সমৃদ্ধ অঞ্চল গড়ার প্রত্যয় মীর হেলালের

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মীর মোহাম্মদ হেলাল উদ্দীন
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মীর মোহাম্মদ হেলাল উদ্দীন

মুক্তমন রিপোর্ট : সব জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি ও পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে পার্বত্য চট্টগ্রামকে দেশের অন্যতম সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি।

তিনি বলেছেন, সব সম্প্রদায়ের জীবনমানের বৈপ্লবিক পরিবর্তন ও উন্নয়ন সাধনই প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘রংধনু জাতি’ গঠনের মূল ধারণা। ধর্ম, বর্ণ ও সম্প্রদায় নির্বিশেষে সুবিধাবঞ্চিত মানুষের জীবনমানের উন্নয়ন সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।

বৃহস্পতিবার দুপুরে বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও স্থানীয় নারীদের মধ্যে সেলাই মেশিন এবং কৃষকদের মধ্যে পাওয়ার টিলার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকার দেশের সব জনগোষ্ঠীর মানুষের সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করতে কাজ করছে। পার্বত্য চট্টগ্রামের সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্যোন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের অন্যান্য অঞ্চলের পাশাপাশি পার্বত্য এলাকাতেও সমন্বিত উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে।

তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের শিল্প-সংস্কৃতি, ঐতিহ্য ও নিজস্ব আচার-রীতিকে সংরক্ষণ করতে হবে এবং সেগুলো বিশ্ববাসীর সামনে তুলে ধরতে হবে। একই সঙ্গে সব ধর্ম ও বর্ণের মানুষের জন্য সমান সুযোগ সৃষ্টি করে জীবনমানের উন্নয়ন নিশ্চিত করতে হবে।

মীর হেলাল আরও বলেন, পার্বত্য অঞ্চলের সম্প্রীতি ও সৌহার্দ্য আরও জোরদার করে এ অঞ্চলের বিপুল সম্ভাবনাকে কাজে লাগাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। উন্নয়ন কার্যক্রমে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে স্থানীয় কৃষকদের মধ্যে ১৫টি পাওয়ার টিলার, নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার গুণগত মান বৃদ্ধির জন্য মাল্টিমিডিয়া সরঞ্জাম বিতরণ করা হয়।

এর আগে প্রতিমন্ত্রী বান্দরবান এমডিসিএস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন করেন। একই সঙ্গে হাসপাতালের ভবন সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের ছাত্রাবাস ভবনের উদ্বোধন করেন। পরে তিনি বিভিন্ন চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ আহাম্মদ, মুখ্য নির্বাহী কর্মকর্তা সুমন বড়ুয়া, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মোহাম্মদ কামরুল হাসান খানসহ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, সেনাবাহিনী ও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।