মুক্তমন রিপোর্ট : ইউক্রেনের সুমি অঞ্চলে ভারতীয় প্রতিষ্ঠান কুসুম গ্রুপের পরিচালিত একটি ওষুধ কারখানায় রুশ ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন। হামলায় কারখানাটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন।
রোববার (৪ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ড্রোন হামলায় কারখানাটির মূল কাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার পর ঘটনাস্থল থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, হামলার ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতির পরিমাণ পর্যালোচনা করা হচ্ছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
ইউক্রেনে কুসুম গ্রুপের কার্যক্রম
১৯৯৪ সালে ইউক্রেনে ভারতীয় ওষুধ রপ্তানিকারক ও পরিবেশক হিসেবে কার্যক্রম শুরু করে কুসুম গ্রুপ। প্রতিষ্ঠানটি বর্তমানে ভারতীয় নাগরিক রাজীব গুপ্তর নেতৃত্বে পরিচালিত হচ্ছে এবং নিজেদের ভারতীয় মূলধারার ইউক্রেনীয় কোম্পানি হিসেবে পরিচয় দেয়।
২০০২ সালে নিজস্ব ব্র্যান্ড গড়ে তোলার মাধ্যমে ওষুধ উৎপাদনে প্রবেশ করে প্রতিষ্ঠানটি। ২০০৭ সালে ভারতে একটি কারখানা স্থাপনের পর ২০০৯ সালে ইউক্রেনের সুমি অঞ্চলে কারখানা চালু করে।
কুসুম গ্রুপ ৫০টির বেশি জেনেরিক ওষুধ উৎপাদন করে। ইউক্রেনের পাশাপাশি উজবেকিস্তান, কাজাখস্তান ও ফিলিপাইনসহ বিভিন্ন দেশের বাজারে এসব ওষুধ সরবরাহ করে প্রতিষ্ঠানটি।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পুরো সময়জুড়ে সুমির কারখানাটির কার্যক্রম চালু ছিল। তবে সাম্প্রতিক হামলায় কারখানাটির ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ৪০০ কোটি রুপি ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
হামলার নিন্দা জেলেনস্কির
হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। নিহত ব্যক্তির পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বলেন, হামলায় একজন নিহত হয়েছেন।
জেলেনস্কি আরও জানান, রুশ ড্রোন কিয়েভের পিভনিচনি সেতু এবং দিনিপ্রোর একটি যোগাযোগ কেন্দ্রেও আঘাত হেনেছে। এসব হামলায় আরও ছয়জন আহত হয়েছেন বলে জানান তিনি।
সূত্র: এনডিটিভি
Muktomon/TA