গাজার ২০ হাসপাতালে ডিজেল সরবরাহ বন্ধ করবে ডব্লিউএইচও

গাজার হাসপাতালে জ্বালানি সংকটের প্রতীকী চিত্র
গাজার হাসপাতালে জ্বালানি সংকটের প্রতীকী চিত্র

মুক্তমন রিপোর্ট : ফিলিস্তিনের গাজায় ২০টির বেশি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে ডিজেল সরবরাহ বন্ধ করতে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। অর্থসংকটের কারণে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বুরশে।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় আল-বুরশ বলেন, বর্তমানে অল্প পরিমাণ জ্বালানি দিয়ে কোনোভাবে গাজার স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো সচল রাখা হচ্ছে। এর মধ্যে ডিজেল সরবরাহ বন্ধ হলে সেখানে নতুন করে সংকট ও কঠিন পরিস্থিতি তৈরি হবে।

তিনি জানান, জ্বালানি সরবরাহ বন্ধ হলে হাসপাতালের জেনারেটরের পাশাপাশি অপারেশন থিয়েটার ও নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) কার্যক্রমও বন্ধ হয়ে যেতে পারে। কৃত্রিম শ্বাসযন্ত্র ও অক্সিজেন সরবরাহব্যবস্থাও অচল হওয়ার আশঙ্কা রয়েছে।

এতে ইনকিউবেটরে থাকা নবজাতক, ডায়ালাইসিস রোগী, আহত ব্যক্তি এবং দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত মানুষের জীবন ঝুঁকিতে পড়তে পারে বলে সতর্ক করেন তিনি।

আল-বুরশ আরও বলেন, জ্বালানি সরবরাহ বন্ধ হলে অ্যাম্বুলেন্স সেবাও ব্যাহত হবে। পাশাপাশি ওষুধ ও টিকা সংরক্ষণ ও সরবরাহের জন্য প্রয়োজনীয় শীতলীকরণ ব্যবস্থাও অচল হয়ে পড়তে পারে।

তার দাবি, এটি শুধু সাময়িক জ্বালানি সংকট নয়; বরং গাজার স্বাস্থ্যব্যবস্থাকে আরও সংকটের দিকে ঠেলে দেওয়ার ধারাবাহিক প্রক্রিয়ার অংশ। এতে প্রতিরোধযোগ্য মৃত্যুর ঝুঁকি বাড়তে পারে।

ডব্লিউএইচও, দাতা সংস্থা ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই কর্মকর্তা।

তবে এ বিষয়ে ডব্লিউএইচওর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। 

সূত্র: আনাদোলু

Muktomon/TA