কৃষকদের মুক্তি ও সার সংকট নিরসনের দাবিতে ঢাকায় বিক্ষোভ

কৃষকদের দাবি আদায়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ
কৃষকদের দাবি আদায়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ

মুক্তমন প্রতিবেদক : সারের ন্যায্য দাবি আদায় করতে গিয়ে গ্রেপ্তার হওয়া কৃষকদের নিঃশর্ত মুক্তি, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং আমলাতন্ত্র নিপাতের দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন, কৃষক সমিতি ও রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‘আগে পুনর্বাসন ভূমিদস্যু ঠেকাও, পরে উন্নয়ন ভূমিহীন বাঁচাও’ এবং ‘খাস জমির অধিকার, ভূমিহীন জনতার’—এমন স্লোগানকে সামনে রেখে সংগঠনগুলো যৌথভাবে সমাবেশের আয়োজন করে।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন। প্রধান আলোচক ছিলেন সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক ছামিউল আলম রাসু।

সভাপতির বক্তব্যে শেখ নাসির উদ্দিন বলেন, অসাধু ডিলার সিন্ডিকেটের কারণে মাঠপর্যায়ে কৃষকেরা তীব্র সার সংকটে ভুগছেন। ফসল রক্ষায় কৃষকেরা সারের দাবি জানালে তাদের অধিকার প্রতিষ্ঠার পরিবর্তে সরকারি কাজে বাধা ও হামলার অভিযোগে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।

তিনি গ্রেপ্তার হওয়া সব কৃষকের নিঃশর্ত মুক্তি এবং তাদের বিরুদ্ধে দায়ের করা ‘কাল্পনিক ও মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় দেশের কৃষকদের সঙ্গে নিয়ে তীব্র গণআন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তিনি।

সমাবেশে কৃষক সমিতির সভাপতি চাষী মাসুম এবং বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের তথ্য ও প্রচার সম্পাদক সাংবাদিক আসাদুজ্জামান বিকাশসহ অন্যরা উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য দেন রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলনের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম জুয়েল, বিপ্লবী কমিউনিস্ট কেন্দ্রের সাধারণ সম্পাদক বিধান দাস, ডেমোক্রেটিক বাংলাদেশ মুভমেন্টের আবুল কালাম আজাদ, ব্যজনা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মুনতানির রহমান, সাংবাদিক ও মানবাধিকারকর্মী অলোক চৌধুরী এবং ভূমিহীন আন্দোলনের সদস্য শামীমসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।

সমাবেশ শেষে একটি প্রতিনিধি দল কৃষকদের দাবিসংবলিত স্মারকলিপি বাংলাদেশ সচিবালয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করেন।

Muktomon/TA