মুক্তমন রিপোর্টার : ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কবীর খানের নতুন সিনেমার শেষ দুই দিনের শুটিং চলছিল। পূর্বপরিকল্পিত একটি জটিল অ্যাকশন সিকোয়েন্সের দৃশ্য ধারণের সময় দুর্ঘটনার শিকার হন কার্তিক। দীর্ঘদিন পেশাদার অ্যাকশন কোচের অধীনে প্রশিক্ষণ নেওয়ার পরও স্টান্টের একপর্যায়ে তার হাঁটুতে গুরুতর আঘাত লাগে।
দুর্ঘটনার পরপরই শুটিং বন্ধ করে দেওয়া হয়। পরে কার্তিককে মুম্বাইয়ের ফোর্টিস রাহেজা হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার হাঁটুতে অস্ত্রোপচার করা হবে। সার্জারির পর কিছুদিন তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে বলে জানা গেছে।
চিকিৎসকদের ছাড়পত্র ও পুরোপুরি সুস্থ হওয়ার পরই আবার শুটিংয়ে ফিরবেন কার্তিক। ফলে অনুরাগ বসুর পরবর্তী সিনেমার কাজও তার সুস্থতার ওপর নির্ভর করবে।
‘চান্দু চ্যাম্পিয়ন’ সিনেমার সাফল্যের পর কবীর খান ও কার্তিক আরিয়ানের এটি দ্বিতীয় কাজ। নতুন সিনেমাটিতে প্রযোজক হিসেবেও যুক্ত রয়েছেন কার্তিকের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান ‘ডোপামিন স্টুডিওস’।
এদিকে কার্তিক আরিয়ানের হাতে রয়েছে আরও বেশ কয়েকটি আলোচিত সিনেমা। এর মধ্যে ‘নাগজিলা’ ও ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’ উল্লেখযোগ্য। শুটিং সেটে তার এই দুর্ঘটনার খবরে ভক্তদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে।