বায়তুল মোকাররমে পুলিশের অভিযান, ৪৬৪ ধারালো অস্ত্রসহ গ্রেফতার ৩

বায়তুল মোকাররমে পুলিশের অভিযান, ৪৬৪ ধারালো অস্ত্রসহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বায়তুল মোকাররম স্বর্ণ মার্কেট-সংলগ্ন লিংক রোডে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ধারালো দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে পল্টন মডেল থানা পুলিশ। এ সময় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৬টা ২০ মিনিটে পল্টন মডেল থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—রবিউল ইসলাম (৪০), মো. আজাদ (৩০) ও মো. রাজন (৩৪)।

পল্টন মডেল থানা সূত্রে জানা গেছে, রাজধানীতে ছিনতাই, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধে ব্যবহৃত ধারালো অস্ত্রের অবাধ বিক্রি ও সরবরাহ বন্ধে বিশেষ এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বিভিন্ন ধরনের মোট ৪৬৪টি ধারালো অস্ত্র ও সরঞ্জাম জব্দ করা হয়। উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে চাপাতি, বড় ছুরি, সুইচ গিয়ার চাকু, কমব্যাট নাইফ, ইলেকট্রিক শক ডিভাইস, চাইনিজ কুড়াল, ব্যাটন স্টিক এবং আগ্নেয়াস্ত্রের আদলে তৈরি খেলনা পিস্তল।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে জানা গেছে, উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জাম রাজধানীর বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের কাছে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, অপরাধ দমন এবং অবৈধ অস্ত্রের সরবরাহ ও বিক্রি বন্ধে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।