মুক্তমন রিপোর্টার : চট্টগ্রাম বন্দরের মূল শিপিং চ্যানেল ও বহির্নোঙর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১২ হাজার মিটার অবৈধ জাল ও জাল স্থাপনের বিভিন্ন সরঞ্জাম জব্দ ও অপসারণ করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
শনিবার (২২ আগস্ট) নৌযান চলাচল নিরাপদ রাখা, জাহাজ চলাচলে প্রতিবন্ধকতা দূর করা এবং নেভিগেশনাল ঝুঁকি কমাতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাণ্ডারী-১২ ও চারটি স্থানীয় বোট অংশ নেয়। পাশাপাশি বাংলাদেশ কোস্ট গার্ডের একটি জাহাজ অভিযানে সহযোগিতা করে।
অভিযানকালে শিপিং চ্যানেল থেকে সুতার জাল, টং জাল ও বেহুন্দি জালসহ মোট ১২ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার করা হয়। একই সঙ্গে জাল স্থাপনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়। পরে উদ্ধার করা জাল ও সরঞ্জাম পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ভাষ্য, এসব অবৈধ জাল শিপিং চ্যানেলে জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করছিল এবং নেভিগেশনাল নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করছিল। অভিযানের সময় নেভিগেশনাল রুটে অবস্থান করা ফিশিং বোটগুলোকে চ্যানেল এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
এ সময় সংশ্লিষ্ট মাঝিমাল্লাদের নৌ-চলাচল রুট ও নেভিগেশনাল চ্যানেলে পুনরায় জাল না পাতার জন্য সতর্ক করা হয়। একই সঙ্গে জাহাজ ও অন্যান্য নৌযানের নিরাপদ চলাচল নিশ্চিত করতে চ্যানেলে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না করার নির্দেশনা দেওয়া হয়।
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, চট্টগ্রাম বন্দরের মূল শিপিং চ্যানেল ও বহির্নোঙর এলাকায় নেভিগেশনাল ঝুঁকি কমাতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। জাহাজ চলাচল নির্বিঘ্ন রাখা, নৌপথের প্রতিবন্ধকতা দূর করা এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে বন্দর কর্তৃপক্ষ ও কোস্ট গার্ডের সমন্বিত তদারকি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।