নতুন কুঁড়ি স্পোর্টসে দেব মন্ডলের জাদু, বরিশাল জেলা দল ফাইনালে

WhatsApp Image 2026-05-17 at 19.20.26
WhatsApp Image 2026-05-17 at 19.20.26

ক্রীড়া প্রতিবেদক, বরিশাল:বাবার সাইকেল মেরামতের দোকানের সংগ্রামী পরিবেশ থেকে উঠে আসা কিশোর ফুটবলার দেব মন্ডল এখন বরিশালের ফুটবলাঙ্গনের আলোচনার কেন্দ্রবিন্দু। অভাব-অনটনের মধ্যেও নিজের প্রতিভা ও কঠোর পরিশ্রমে চলমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এ দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে দলকে ফাইনালে তুলেছেন উজিরপুরের এই নবম শ্রেণির শিক্ষার্থী।

সরকারি উজিরপুর বারো বাইকা মডেল ইনস্টিটিউশনের ছাত্র দেব মন্ডল প্রথমে উপজেলা পর্যায়ে উজিরপুরের হয়ে খেলতে নেমে ২টি গোল করেন এবং সেরা খেলোয়াড় নির্বাচিত হন। পরে তিনি বরিশাল জেলা কিশোর দলে জায়গা করে নেন।

আঞ্চলিক পর্যায়ের উদ্বোধনী ম্যাচে পিরোজপুর জেলা দলের বিপক্ষে হ্যাটট্রিক করে দলকে ৩-১ গোলের জয় এনে দেন দেব। তার অসাধারণ পারফরম্যান্সে বরিশাল জেলা দল সেমিফাইনালে উন্নীত হয়।

এরপর প্রথম সেমিফাইনালে পটুয়াখালী জেলা দলের বিপক্ষেও উজ্জ্বল ছিলেন এই তরুণ স্ট্রাইকার। দলের ৩-১ গোলের জয়ে একটি দৃষ্টিনন্দন গোল করে বরিশালকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

মিন্টু চন্দ্র মন্ডল ও জোছনা চন্দ্র মন্ডলের সন্তান দেব কোনো প্রাতিষ্ঠানিক একাডেমি বা পেশাদার কোচের অধীনে প্রশিক্ষণ ছাড়াই স্থানীয় মাঠে অনুশীলন করে নিজের প্রতিভা বিকশিত করেছেন। দেশের ফুটবলে তার অনুপ্রেরণা জাতীয় দলের ফরোয়ার্ড রাকিব হোসেন এবং বিশ্ব ফুটবলে তার প্রিয় তারকা Lionel Messi।

দেব মন্ডলের স্বপ্ন একদিন লাল-সবুজের জার্সি গায়ে বাংলাদেশ জাতীয় দলের প্রতিনিধিত্ব করা। তার বর্তমান পারফরম্যান্স ইতোমধ্যেই ফুটবলপ্রেমীদের মাঝে নতুন আশার জন্ম দিয়েছে। এখন সবার নজর টুর্নামেন্টের ফাইনালের দিকে, যেখানে আবারও মাঠ মাতানোর অপেক্ষায় রয়েছেন এই প্রতিভাবান কিশোর ফুটবলার।