মুক্তমন রিপোর্ট : ‘আলোকিত মানুষ চাই’ প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহে বিভাগীয় পাঠক সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) ময়মনসিংহ টাউন হলস্থ বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারে এ আয়োজন করা হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং গণগ্রন্থাগার অধিদপ্তরের বাস্তবায়নে দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি (৩য় সংশোধনী) প্রকল্পের বাস্তবায়ন সহযোগী বিশ্বসাহিত্য কেন্দ্রের আওতায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বই শিশুদের সামনে জ্ঞানের দুয়ার খুলে দেয়। বই পড়ার জন্য সবচেয়ে আনন্দময় ও উৎসাহব্যঞ্জক জায়গা হচ্ছে লাইব্রেরি। তিনি শিক্ষার্থীদের নিয়মিত বই পড়া ও তা উপভোগ করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, বাংলাদেশের মতো পারিবারিক ও সামাজিক বন্ধন পশ্চিমা বিশ্বে নেই। তবে ক্রমেই আমরা এই বন্ধন হারিয়ে ফেলছি। সামাজিক মূল্যবোধ বৃদ্ধিতে পাঠ্যবইয়ের পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে।
তিনি বলেন, দেশ ও সমাজের প্রতি মমত্ববোধ এবং ব্যক্তিগত ও সামাজিক মূল্যবোধ তৈরি করে—এমন বই পড়তে হবে। আলোকিত মানুষ গড়ে তুলতে শৈশব থেকে জীবনের শেষ সময় পর্যন্ত বই পড়ার অভ্যাস গড়ে তোলা প্রয়োজন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার, ময়মনসিংহের প্রিন্সিপাল লাইব্রেরিয়ান (উপপরিচালক) মোহাম্মদ হামিদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ জাহিদুল হাসান বিপিএম-সেবা, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি (৩য় সংশোধনী) প্রকল্পের পরিচালক মু. বিল্লাল হোসেন খান এবং গণগ্রন্থাগার অধিদপ্তর, ঢাকার প্রিন্সিপাল লাইব্রেরিয়ান (উপপরিচালক) দেবাশীষ ভদ্র।
এ ছাড়া অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।