মুক্তমন রিপোর্ট : ভালো কাজের প্রলোভন দেখিয়ে ভারতে পাচার হওয়া ছয় বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। বিশেষ ট্রাভেল পারমিটের আওতায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বাংলাদেশে ফেরত পাঠায়।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে বেনাপোল-পেট্রাপোল নো-ম্যান্সল্যান্ডে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করে ভারতের ইমিগ্রেশন পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে তাদের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। দেশে ফেরা ছয়জনের বাড়ি সুনামগঞ্জ ও গাজীপুর জেলার বিভিন্ন এলাকায়।
ইমিগ্রেশন পুলিশের বরাতে জানা গেছে, ফেরত আসা ব্যক্তিরা প্রায় দুই বছর আগে ভালো কাজের প্রলোভনে মানবপাচারকারী চক্রের মাধ্যমে অবৈধভাবে ভারতে যান। পরে ভারতের বিভিন্ন এলাকায় দিনমজুর ও হকার হিসেবে কাজ শুরু করেন তারা।
কাজ করার একপর্যায়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে। বিচার শেষে দেশটির আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। কারাভোগের মেয়াদ শেষ হওয়ার পর দুই দেশের ইমিগ্রেশন ও প্রশাসনের যোগাযোগের মাধ্যমে তাদের দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়।
বেনাপোল ইমিগ্রেশন ওসি জানান, প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষে ছয়জনকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।