ময়মনসিংহ বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন জিলা স্কুল

ময়মনসিংহ বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান।
ময়মনসিংহ বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান।

মকবুল হোসেন : ‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ স্লোগানে ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে ‘বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব-২০২৬’-এর বিভাগীয় প্রতিযোগিতা। এতে ময়মনসিংহ জিলা স্কুল বিভাগীয় চ্যাম্পিয়ন হয়েছে। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও বিজিত দলের সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ময়মনসিংহের টাউন হল মোড়সংলগ্ন অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তরুণদের যুক্তিনির্ভর চিন্তা, মননশীলতা ও বিজ্ঞানমনস্কতা বিকাশের লক্ষ্যে এ আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ ও গাজীপুর জেলার চ্যাম্পিয়ন দলগুলো অংশ নেয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে ফাইনালে মুখোমুখি হয় ময়মনসিংহ জিলা স্কুল ও নেত্রকোনার আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়। চূড়ান্ত পর্বে জয়ী হয়ে বিভাগীয় চ্যাম্পিয়নের স্বীকৃতি অর্জন করে ময়মনসিংহ জিলা স্কুল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা। তিনি বিজয়ী ও বিজিত দলের সদস্যদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহের চেয়ারম্যান অধ্যাপক এ জেড এম রেজাউল করিম খান, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ মো. শওকত হোসেন, সমকাল সুহৃদ সমাবেশের সভাপতি মাহবুব রেজা করিম মুরাদ, সাধারণ সম্পাদক মুহা. মশিউল আলম এবং ময়মনসিংহ জিলা স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুস সালাম।

প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সরকারি পদক্ষেপ, টেকসই উন্নয়নে বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ এবং ডিজিটাল আসক্তি রোধে স্মার্টফোন ব্যবহারে বিধিনিষেধসহ বিভিন্ন বিজ্ঞান ও সমসাময়িক বিষয় নিয়ে বিতর্ক হয়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ তরুণদের মধ্যে যুক্তিবাদী চিন্তা, বিজ্ঞানমনস্কতা, তথ্যভিত্তিক বিশ্লেষণ এবং গঠনমূলক মতপ্রকাশের চর্চা বাড়াতে ভূমিকা রাখবে।

ময়মনসিংহ জেলা প্রতিনিধি

Muktomon/TA