চট্টগ্রাম বন্দরে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, শুরু হচ্ছে যৌথ মহড়া

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনালে আসা যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ইউএসএস ওয়ারিয়র
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনালে আসা যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ইউএসএস ওয়ারিয়র

মুক্তমন রিপোর্ট : বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পাঁচ দিনব্যাপী যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’-এ অংশ নিতে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ ইউএসএস ওয়ারিয়র।

রোববার (১ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে জাহাজটি চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) জেটিতে ভেড়ার প্রস্তুতি নেয়।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত এ মহড়ার মূল লক্ষ্য সমুদ্র নিরাপত্তা নিশ্চিত করা এবং যৌথ অভিযান পরিচালনায় দুই দেশের নৌসদস্যদের সক্ষমতা বাড়ানো।

৬৮ মিটার দীর্ঘ যুদ্ধজাহাজটির নেতৃত্বে রয়েছেন লেফটেন্যান্ট কমান্ডার মেরি সেনোনাইটেড। তাঁর নেতৃত্বে একটি প্রতিনিধি দল চট্টগ্রামে এসেছে। জাহাজটি বন্দরে ভেড়ার সময় মার্কিন প্রতিনিধি দলকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রাম নৌ অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে বন্দরের প্রবেশমুখে পৌঁছালে সামরিক রীতি অনুযায়ী বাদ্যযন্ত্র পরিবেশনের মাধ্যমে জাহাজটিকে স্বাগত জানানো হয়।

সোমবার (২ নভেম্বর) চট্টগ্রামের স্কুল অব মেরিটাইমে ‘কারাত-২০২৬’ মহড়া শুরু হওয়ার কথা রয়েছে। পাঁচ দিনব্যাপী এ আয়োজনে দুই দেশের নৌসদস্যদের মধ্যে পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করা হবে। পাশাপাশি সমুদ্রপথে নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, এ ধরনের যৌথ প্রশিক্ষণ মহড়া দুই দেশের নৌবাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা, সমন্বয় ও সহযোগিতা জোরদারে ভূমিকা রাখবে। একই সঙ্গে সমুদ্রপথের নিরাপত্তা এবং নৌসদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতেও সহায়ক হবে।

আগামী ৫ নভেম্বর মহড়া শেষ হওয়ার কথা রয়েছে। মহড়া শেষে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যুদ্ধজাহাজটি বাংলাদেশ ত্যাগ করবে।

Muktomon/TA