মুক্তমন রিপোর্ট : অক্টোবর মাসে দেশজুড়ে বিভিন্ন অভিযান চালিয়ে ৬৫৫টি হারানো মোবাইল ফোন, ১ দশমিক ৮৪৪ কেজি স্বর্ণ এবং বিপুল পরিমাণ মাদক ও অন্যান্য সামগ্রী উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এসব অভিযানে বিভিন্ন মামলায় শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) রাজধানীর উত্তরায় এপিবিএন সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে অক্টোবর মাসের কার্যক্রম ও সাফল্যের তথ্য তুলে ধরা হয়।
এপিবিএনের ল অ্যান্ড মিডিয়া শাখার পুলিশ সুপার তাজুল ইসলাম জানান, এপিবিএন সদর দপ্তরের এলআইসি শাখার তথ্যপ্রযুক্তিগত সহায়তায় বিভিন্ন ইউনিট ৬৫৫টি হারানো মোবাইল ফোন উদ্ধার করেছে। এ ছাড়া চারটি হ্যাকড ফেসবুক আইডি, দুটি হ্যাকড হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এবং একটি ইমু অ্যাকাউন্ট উদ্ধার করা হয়েছে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে ৫৬৪ জনকে সহায়তা দেওয়া হয়েছে।
সাইবার সুরক্ষা আইনের একটি মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন, ১৫টি সিম কার্ড, নগদ ৫০০ টাকা এবং বিকাশ-নগদ প্রতারণার ৪ লাখ ৪২ হাজার ৯৭০ টাকা উদ্ধার করা হয়।
এপিবিএনের বিভিন্ন ইউনিটের অভিযান ও গোয়েন্দা তৎপরতায় তিনটি ওয়ান শুটার গান, একটি একনলা বন্দুক, ছয় রাউন্ড গুলি, দুটি গুলির খোসা, ছয়টি বিভিন্ন ধরনের ছুরি এবং একটি হাতুড়ি উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় চারটি মামলা দায়ের এবং ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানে ৬২ হাজার ৪৩৭ পিস ইয়াবা, ১ দশমিক ৪ কেজি গাঁজা, ২৫ লিটার মদ, ১৪০ কার্টন সিগারেট এবং মাদক বিক্রির ৮ হাজার ২১০ টাকা উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় তিনটি মামলা দায়েরের পাশাপাশি সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ট্রাফিক ব্যবস্থাপনায় ৪১৫টি মামলায় ১২ লাখ ৫৯ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া বিএসটিআই, কাস্টমস ও ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে ১৬ লাখ ৩৯ হাজার ৮৮১ টাকা জরিমানা আদায় ও সাজা দেওয়া হয়েছে। এ-সংক্রান্ত কার্যক্রমে ৫০টি মামলা এবং ২৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিভিন্ন অভিযানে ৩২ জন ওয়ারেন্টভুক্ত ও সাতজন এজাহারনামীয় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মানব পাচারের একটি মামলায় তিনজন, তিনটি হত্যা মামলায় তিনজন এবং একটি চুরি মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া নয়জন সন্দেহভাজন আসামিকে গ্রেপ্তারের তথ্য জানানো হয়। একটি অপহরণ মামলার কথাও প্রেস ব্রিফিংয়ে উল্লেখ করা হয়েছে।
চোরাচালানবিরোধী অভিযানে ১ দশমিক ৮৪৪ কেজি স্বর্ণের বার ও অলংকার উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক মূল্য ৩ কোটি ৫৮ লাখ ৭৫ হাজার টাকা। এসব ঘটনায় ১৩টি মামলা দায়ের এবং ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া উদ্ধার করা হয়েছে ৭৬ কেজি নিষিদ্ধ সামুদ্রিক কাঁকড়া, ৩৯৬ কেজি প্রসাধনী, দুটি এয়াররাইফেল, ৯টি শাড়ি, ৬৩টি শার্ট ও থ্রি-পিস, ২১৩ কেজি খাদ্যদ্রব্য, ৪১৫ কেজি ফেব্রিকস, ২ কেজি ওষুধ, ১ কেজি ইমিটেশন জুয়েলারি, ১৭টি পানির কল, দুটি সোলার প্যানেল, দুটি হারানো ব্যাগেজ, ১১টি বৈদ্যুতিক ব্যাটারি এবং সাতটি অনুমোদনহীন সিএনজি।
অভিযানে বাংলাদেশি ১ লাখ ১২ হাজার ৩৩৩ টাকা এবং কুয়েতি ৩০ দিনারও উদ্ধার করা হয়েছে। মানবিক কার্যক্রমের অংশ হিসেবে চারটি নিখোঁজ শিশুকে উদ্ধার করেছে এপিবিএন। এ ছাড়া ৩২ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের এবং দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ১০২টি যানবাহন আটক করে শাহপরীর দ্বীপ থানায় পাঠানো হয়েছে। ওই এলাকা থেকে নগদ ৬০ হাজার ৬৫০ টাকা ও ছয়টি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।এপিবিএনের তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে মোট ২৮টি জিআর ও সিআর মামলা দায়ের করা হয়েছে। এসব মামলার আসামিদের গ্রেপ্তারের পাশাপাশি মামলাগুলো বর্তমানে তদন্তাধীন রয়েছে।
Muktomon/TA