ফেনী জেলা পুলিশের বিভিন্ন ইউনিট পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি

ফেনী জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও স্থাপনা পরিদর্শন করছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আব্দুল কুদ্দুছ চৌধুরী।
ফেনী জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও স্থাপনা পরিদর্শন করছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আব্দুল কুদ্দুছ চৌধুরী।

ফেনী প্রতিনিধি : চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আব্দুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম ফেনী জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও স্থাপনা পরিদর্শন করেছেন। এ সময় তিনি পুলিশি কার্যক্রমের মানোন্নয়ন, সদস্যদের কল্যাণ এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরিদর্শনকালে ডিআইজি ফেনী মডেল থানা, ছাগলনাইয়া থানা, বোগদাদিয়া তদন্ত কেন্দ্র, গোপাল তদন্ত কেন্দ্র, ফেনী জেলা পুলিশ অফিস, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), জেলা বিশেষ শাখা (ডিএসবি), ট্রাফিক বিভাগ, রিজার্ভ অফিস, অস্ত্রাগার, রেশন স্টোর, মোটরযান শাখা ও পুলিশ হাসপাতালসহ বিভিন্ন দপ্তরের কার্যক্রম পর্যালোচনা করেন।

এ সময় তিনি দাপ্তরিক ব্যবস্থাপনা ও সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেওয়ার পাশাপাশি পুলিশ সদস্যদের আবাসন, চিকিৎসা, রেশন এবং অন্যান্য কল্যাণমূলক সুযোগ-সুবিধা সম্পর্কে জানতে চান।

ডিআইজি পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা, দায়িত্বশীলতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে জনবান্ধব পুলিশিং জোরদার, পুলিশি সেবার মান উন্নয়ন এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পরিদর্শনকালে ফেনী জেলা পুলিশ সুপার প্রতুষ কুমার মজুমদারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Muktomon/TA