মুক্তমন রিপোর্ট : পুয়ের্তো রিকোয় চলছে ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা। এতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সামিরা খান মাহি। প্রতিযোগিতার বিভিন্ন পর্বে অংশ নেওয়ার পাশাপাশি সামাজিক মাধ্যমে নিজের অভিজ্ঞতা ও ছবি শেয়ার করছেন তিনি।
সম্প্রতি ভারত ও পাকিস্তানের প্রতিযোগীর সঙ্গে এক ফ্রেমে দেখা গেছে মাহিকে। তাঁরা হলেন মিস ইউনিভার্স ইন্ডিয়ার কাজিয়া লিজ মেজো এবং মিস ইউনিভার্স পাকিস্তানের মিসবাহ আরশাদ।
ছবির ক্যাপশনে মাহি লিখেছেন, ভিন্ন দেশ ও পতাকা হলেও ভালোবাসা ও বন্ধুত্বের বন্ধনে ভৌগোলিক সীমানা বাধা হতে পারে না। মিস ইউনিভার্সে এমন সুন্দর মুহূর্ত পেয়ে আনন্দিত বলেও জানান তিনি।
তিন দেশের প্রতিযোগীকে একসঙ্গে দেখে সামাজিক মাধ্যমে নানা মন্তব্য করেছেন নেটিজেনরা। কেউ ভারতীয় প্রতিযোগীর প্রশংসা করেছেন, কেউ পাকিস্তানের প্রতিযোগীকে নিয়ে মন্তব্য করেছেন। আবার অনেকে মাহির প্রতি সমর্থন জানিয়েছেন।
উল্লেখ্য, সামিরা খান মাহি শোবিজে পরিচিত মুখ। তিনি নিয়মিত নাটকে অভিনয় করেন। ভারতীয় প্রতিযোগী কাজিয়া লিজ মেজোর বয়স ১৯ বছর এবং তিনি সিনেমাতেও অভিনয় করেছেন। অন্যদিকে পাকিস্তানের মিসবাহ আরশাদ বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত।
আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে মিস ইউনিভার্সের গ্র্যান্ড ফিনালে। সেদিনই ঘোষণা করা হবে এবারের বিজয়ীর নাম।
Muktomon/TA