মুক্তমন রিপোর্ট : দেশভাগ ও ভাষা আন্দোলনের ইতিহাস নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘যাপিত জীবন’ আগামী ২০ নভেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন হাবিবুল ইসলাম হাবিব।
সরকারি অনুদানে ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় নির্মিত ছবিটিতে অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা, আফজাল হোসেন, ইমতিয়াজ বর্ষণসহ অনেকে।
মুক্তি উপলক্ষে বুধবার রাজধানীর স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনী শেষে কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন ছবিটি নিয়ে আশাবাদ প্রকাশ করেন। তাঁর বিশ্বাস, দর্শকদের ভালো লাগবে সিনেমাটি।
অনুষ্ঠানে প্রযোজক হাবীবুর রহমান, নির্মাতা চয়নিকা চৌধুরী, অভিনেতা রওনক হাসান, ফারজানা ব্রাউনিয়াসহ চলচ্চিত্র ও সাংস্কৃতিক অঙ্গনের অনেকে উপস্থিত ছিলেন।
মুক্তির প্রথম দিন থেকে ঢাকার সৈনিক ক্লাব, বিজিবি, শ্যামলী ও লায়ন সিনেমাসসহ দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে দেখা যাবে ‘যাপিত জীবন’। এ ছাড়া স্টার সিনেপ্লেক্সের একাধিক শাখা, যমুনা ব্লকবাস্টার এবং চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, বরিশালসহ বিভিন্ন জেলার সিনেমা হলেও প্রদর্শিত হবে ছবিটি।
Muktomon/TA