কালীগঞ্জে কৃষক কার্ড বিতরণ, যা বললেন ফজলুল হক মিলন

কালীগঞ্জে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে অতিথি ও কৃষকরা
কালীগঞ্জে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে অতিথি ও কৃষকরা

মুক্তমন রিপোর্ট : কৃষকদের জীবনমান উন্নয়ন ও কৃষি খাতকে শক্তিশালী করার লক্ষ্যে সরকারের ‘কৃষক কার্ড’ কর্মসূচি গুরুত্বপূর্ণ উদ্যোগ বলে মন্তব্য করেছেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন। তিনি বলেছেন, কৃষকের জীবনমানের উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন টেকসই হতে পারে না।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৩টায় গাজীপুরের কালীগঞ্জে নাগরী ইউনিয়নের ক্লাব রিসোর্ট থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠ থেকে সরাসরি সম্প্রচার করা হয় বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।

গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম বাচ্চু এবং জেলা পরিষদের প্রশাসক ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী। অনুষ্ঠান সঞ্চালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম।

প্রধান অতিথি ফজলুল হক মিলন বলেন, কৃষক দেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তার অন্যতম প্রধান ভিত্তি। কৃষকদের পাশে দাঁড়াতে এবং উৎপাদন বাড়াতে সরকার বিভিন্ন কর্মসূচি নিয়েছে। ‘কৃষক কার্ড’ তারই একটি উদ্যোগ। কৃষকরা যেন হয়রানি ছাড়াই সরকারি সেবা পান, সে বিষয়ে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূইয়া বলেন, কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের কাছে সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা আরও সহজ ও সুশৃঙ্খলভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম বলেন, কৃষকদের প্রয়োজনীয় সরকারি সেবা ও সহযোগিতা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন কাজ করবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন গাজীপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক ড. মো. আবদুল্লাহ-আল ফারুক, উপপরিচালক (স্থানীয় সরকার) আহাম্মদ হোসেন ভূইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সোহেল রানা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসিবুল হাসানসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।

Muktomon/TA