মুক্তমন রিপোর্ট : কিশোরগঞ্জের ভৈরবে একটি কাঁচা-আধাপাকা বসতঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার চণ্ডীপুর দক্ষিণপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। এতে কেউ হতাহত না হলেও একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভৈরব ফায়ার সার্ভিস স্টেশনের ডিউটিম্যান মো. সাখাওয়াত হোসেন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে হঠাৎ বাড়িটিতে আগুন দেখতে পান তারা। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক তৈরি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
তবে সরু রাস্তা ও পানির স্বল্পতার কারণে আগুন নিয়ন্ত্রণে কিছুটা বেগ পেতে হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকাণ্ডে একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের কারণ জানতে কাজ চলছে।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
Muktomon/TA