আইসিটি বিভাগের প্রকল্পে অনিয়ম পর্যালোচনা, ৬১ জনের বিরুদ্ধে ব্যবস্থা

 আইসিটি বিভাগের কর্মকর্তা ও পরামর্শকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তথ্য সংসদে জানাচ্ছেন মন্ত্রী ফকির মাহবুব আনাম।
আইসিটি বিভাগের কর্মকর্তা ও পরামর্শকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তথ্য সংসদে জানাচ্ছেন মন্ত্রী ফকির মাহবুব আনাম।

মুক্তমন রিপোর্ট : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের গত দেড় দশকের প্রকল্প, চুক্তি ও কার্যক্রম পর্যালোচনা করে প্রকাশিত শ্বেতপত্রের সুপারিশের ভিত্তিতে ৬১ জন কর্মকর্তা ও পরামর্শকের বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

কুমিল্লা-৪ আসনের এনসিপির সংসদ সদস্য মো. আবুল হাসনাতের এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

ফকির মাহবুব আনাম বলেন, ব্যবস্থা নেওয়া ব্যক্তিদের মধ্যে ১৯ জন পরামর্শকের চুক্তি বাতিল করা হয়েছে, ১৭ জন স্বেচ্ছায় চাকরি থেকে ইস্তফা দিয়েছেন, দুজন কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত চলছে, দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, সাতজনের বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম চলমান রয়েছে এবং ১৪ জন কর্মকর্তা ও পরামর্শককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মন্ত্রী জানান, আইসিটি বিভাগের গত দেড় দশকের বিভিন্ন প্রকল্প ও কার্যক্রমে অনিয়মের অভিযোগ পর্যালোচনা করে ২০২৫ সালের নভেম্বর মাসে শ্বেতপত্র প্রকাশ করা হয়। এর সুপারিশের আলোকে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ, বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড এবং এটুআই প্রকল্পে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ১৯ জন পরামর্শকের চুক্তি বাতিল করা হয়েছে এবং ১৭ জন পরামর্শক স্বেচ্ছায় চাকরি থেকে ইস্তফা দিয়েছেন। এ ছাড়া দুজন কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত চলছে। বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের দুজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে তাঁদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেডের সাতজন কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম চলমান রয়েছে। অন্যদিকে, এটুআই প্রকল্পের ১৪ জন কর্মকর্তা ও পরামর্শককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মন্ত্রী আরও জানান, এ-সংক্রান্ত দুর্নীতি দমন কমিশনের (দুদক) কয়েকটি চলমান তদন্তে আইসিটি বিভাগ পূর্ণ সহযোগিতা করছে।

গত দেড় দশকে নেওয়া বিভিন্ন প্রকল্প পর্যালোচনার পর অপ্রয়োজনীয় কার্যক্রম বাদ দিয়ে সেগুলো পুনর্বিন্যাস ও পরিসর সংশোধন করা হয়েছে বলেও জানান তিনি।

আইসিটি বিভাগের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠান ও প্রকল্পে জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করতে প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব পরিবর্তন ও পুনর্বণ্টন করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন প্রকল্পের ক্রয় কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিতে নিবিড় পরিবীক্ষণ করা হচ্ছে বলে সংসদকে জানান মন্ত্রী।

Muktomon/TA