মুক্তমন রিপোর্ট : দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্পের অস্থিরতা ও সংকট নিয়ে জাতীয় সংসদে আলোচনার সুযোগ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন পটুয়াখালী-২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ। তাঁর অভিযোগ, আলোচনার কার্যতালিকায় বিষয়টি একাধিকবার অন্তর্ভুক্ত হলেও পরে বাদ দেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ দিনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ ক্ষোভ জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
প্রশ্নোত্তর পর্ব শেষে বক্তব্যে শফিকুল ইসলাম মাসুদ বলেন, তিন দিন আগে সংসদের কার্যপ্রণালিতে তৈরি পোশাকশিল্পের অস্থিরতা নিয়ে আলোচনার বিষয়টি রাখা হয়েছিল। তবে সেদিন তা বাদ পড়ে যায়। পরে জানানো হয়, পরবর্তী রোববার বিষয়টি নিয়ে আলোচনা হবে। ওই দিনও কার্যতালিকায় বিষয়টি দেখে তাঁরা আলোচনার অপেক্ষায় ছিলেন।
তিনি বলেন, পোশাকশিল্পের সংকট সরকার বা বিরোধী দলের একার বিষয় নয়; এটি জাতীয় স্বার্থসংশ্লিষ্ট। কিন্তু আগের দিন রাতে সংসদ মুলতবি হওয়ার কিছুক্ষণ আগে বিষয়টি কার্যতালিকা থেকে সরিয়ে দেওয়া হয়। সোমবারও আলোচনার সূচিতে বিষয়টি রাখা হয়নি।
শফিকুল ইসলাম মাসুদ দাবি করেন, পোশাকশিল্পের অস্থিরতার কারণে বিদেশি ক্রেতারা সফর বাতিল করছেন এবং দেশের প্রায় দেড় হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। তাঁর আরও অভিযোগ, ব্যবসা ও ক্রয়াদেশ ভিয়েতনাম, ভারত ও নেপালের মতো প্রতিদ্বন্দ্বী দেশগুলোর দিকে চলে যাচ্ছে। এমন পরিস্থিতিতে বিষয়টি নিয়ে সংসদে আলোচনা না হওয়ায় তিনি প্রশ্ন তোলেন।
সরকারি দলের উদ্দেশে তিনি বলেন, দেশের এই সংকট নিয়ে সরকার দলের পক্ষ থেকেই আলোচনার উদ্যোগ নেওয়া উচিত ছিল। বিরোধী দলের পক্ষ থেকে বারবার বিষয়টি উত্থাপনের পরও কেন আলোচনার সুযোগ পাওয়া যাচ্ছে না, সে প্রশ্নও রাখেন তিনি।
এ সময় সভাপতির দায়িত্বে থাকা ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, এটি কোনো বৈষম্য নয়। ১৪৭ ধারার প্রস্তাবের উত্থাপক সংসদ সদস্য নাজিবুর রহমানের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। বিষয়টি নিয়ে কাজ চলছে বলেও জানান তিনি।
Muktomon/TA