ফেনী প্রতিনিধি : ফেনীতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে আচার উৎপাদনের অভিযোগে ‘রিহান ফুড প্রোডাক্টস’ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়েছে। এ সময় বিপুল পরিমাণ আচার ও উৎপাদনের কাঁচামাল জব্দ করা হয়।
সরেজমিনে দেখা যায়, কারখানাটিতে অত্যন্ত অস্বাস্থ্যকর ও অনুন্নত পরিবেশে বড় টেবিলের ওপর খোলাভাবে আচারের মিশ্রণ স্তূপ করে রাখা হয়েছে। এসব মিশ্রণ ও কাঁচামাল প্রক্রিয়াজাত করে ‘আচার টেক’ (তেঁতুলের ফ্লেভার) নামে ছোট ছোট প্লাস্টিকের প্যাকেটে বাজারজাত করার প্রস্তুতি চলছিল।
এ ছাড়া কারখানার গোডাউনে বস্তা ও প্লাস্টিকে মোড়ানো অবস্থায় বিপুল পরিমাণ প্রস্তুতকৃত আচার স্তূপ করে রাখা ছিল।
অভিযান চলাকালে কারখানা প্রাঙ্গণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজাল ও মানহীন খাদ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Muktomon/TA