কুড়িগ্রামে ট্রাকচাপায় ৫ নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার

কুড়িগ্রামের রৌমারীতে ইজিবাইকের পাঁচ যাত্রী নিহতের ঘটনায় গ্রেপ্তার ট্রাকচালক লুৎফর রহমান।
কুড়িগ্রামের রৌমারীতে ইজিবাইকের পাঁচ যাত্রী নিহতের ঘটনায় গ্রেপ্তার ট্রাকচালক লুৎফর রহমান।

মুক্তমন রিপোর্ট : কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে পাঁচজন নিহতের ঘটনায় ট্রাকচালক লুৎফর রহমানকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) রাত ৯টার দিকে পাবনা জেলা শহরে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এসআরবি জামালপুর-১৪ ও পাবনা-১২-এর যৌথ দল।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী।

পুলিশ জানায়, গ্রেপ্তার লুৎফর রহমান পাবনা জেলা সদরের স্থায়ী বাসিন্দা। তাকে পাবনা থেকে রৌমারী থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হবে।

গত ১৭ সেপ্টেম্বর দুপুর আড়াইটার দিকে ঢাকা-রৌমারী মহাসড়কের শিবেরডাঙ্গী এলাকায় মালবাহী একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে ইজিবাইকে থাকা লিপি (২৬), তার ছেলে রিশাদ (১২), মেয়ে তুবা (৭), বোন শরীফা (৪২) এবং রাজিবপুর উপজেলার নজরুল ইসলাম নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত হন শরীফার মেয়ে বৃষ্টি (২৫)।

দুর্ঘটনার পর ট্রাক ও ইজিবাইকের চালক পালিয়ে যান। ঘটনার দিন রাতেই নিহতদের পরিবারের পক্ষ থেকে দুই চালকের বিরুদ্ধে রৌমারী থানায় লিখিত অভিযোগ করা হয়। পরে পুলিশের পাশাপাশি ছায়া তদন্ত শুরু করে এসআরবি জামালপুর-১৪।

রৌমারী থানার ওসি কাওসার আলী জানান, গ্রেপ্তার লুৎফর রহমানকে পাবনা থেকে থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হবে।

Muktomon/TA