ব্যাংকিং খাতে শৃঙ্খলা ও রাজস্ব বৃদ্ধি জরুরি : অর্থ উপদেষ্টা

রাজবাড়ীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর
রাজবাড়ীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর

মুক্তমন রিপোর্ট : দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ব্যাংকিং খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা, রাজস্ব আয় বৃদ্ধি এবং সামাজিক সুরক্ষা জোরদারে সংস্কার কার্যক্রম বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেছেন, প্রয়োজনীয় সংস্কার না হলে অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠা কঠিন হবে।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে রাজবাড়ী পৌরসভার রজনীগন্ধা মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, সরকার উত্তরাধিকারসূত্রে একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছে। এর সঙ্গে মধ্যপ্রাচ্য সংকটের প্রভাবে মূল্যস্ফীতি ও জ্বালানির দাম বেড়ে অর্থনীতির ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে। দৈনন্দিন খরচ মেটাতে অনেককে সঞ্চয় ভাঙতে হচ্ছে, এমনকি ঋণও নিতে হচ্ছে।

তিনি বলেন, অর্থনীতির দুর্বলতার প্রভাব বিনিয়োগেও পড়েছে এবং বেকারত্ব বেড়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে সরকারের নির্বাচনী ইশতেহারে সংস্কারের পরিকল্পনা তুলে ধরা হয়েছে। ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এসব পরিকল্পনার অন্যতম লক্ষ্য।

রাজস্ব আয় বৃদ্ধির পরিকল্পনা তুলে ধরে ড. তিতুমীর বলেন, আগের সরকারের সময়ে রাজস্ব আয় তলানিতে পৌঁছেছিল। সরকার করের হার না বাড়িয়ে রাজস্ব আয় বাড়াতে চায়। একই সঙ্গে মূল্যস্ফীতির চাপে থাকা মানুষের সুরক্ষায় সামাজিক নিরাপত্তা কর্মসূচি নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। মূল্যস্ফীতির কারণে মানুষ যাতে দারিদ্র্যসীমার নিচে নেমে না যায়, সে বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য ও অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন অর্থ উপদেষ্টা। তাঁর দাবি, আইএমএফের তথ্যের একটি মৌলিক দিক আলোচনায় এড়িয়ে যাওয়া হচ্ছে। সংস্কার না হলে অর্থনৈতিক প্রবৃদ্ধি কম হবে—এ বিষয়টি বিবেচনায় রাখা প্রয়োজন।

মতবিনিময় সভায় জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়াসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

Muktomon/TA