ফিফা নারী র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগোল বাংলাদেশ

 এশিয়ান গেমসে বাংলাদেশের নারী ফুটবল দলের পারফরম্যান্সের পর ফিফা র‌্যাঙ্কিংয়ে উন্নতির খবর।
এশিয়ান গেমসে বাংলাদেশের নারী ফুটবল দলের পারফরম্যান্সের পর ফিফা র‌্যাঙ্কিংয়ে উন্নতির খবর।

মুক্তমন রিপোর্ট : এশিয়ান গেমসে হতাশাজনক পারফরম্যান্সের পরও ফিফা নারী ফুটবল র‌্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। সর্বশেষ প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে ১০৭তম স্থান থেকে ১০৬তম স্থানে উঠে এসেছে ঋতুপর্ণা চাকমাদের দল।

সম্প্রতি এশিয়ান গেমসে তিনটি ম্যাচ খেলেছে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে এবং দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ গোলে হারে বাংলাদেশ। দুই ম্যাচে মোট ১৬ গোল হজম করলেও র‌্যাঙ্কিং পয়েন্টে বড় কোনো পতন হয়নি। প্রতিপক্ষ দুই দলের সঙ্গে র‌্যাঙ্কিংয়ের ব্যবধান বেশি থাকায় বাংলাদেশের পয়েন্ট কমেছে যথাক্রমে ০.০৬ ও ০.২৮।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে মিয়ানমারের বিপক্ষে গোলশূন্য ড্র করে বাংলাদেশ। এই ম্যাচে পয়েন্ট বেড়েছে ৪.৬৪। ফলে বাংলাদেশের মোট র‌্যাঙ্কিং পয়েন্ট দাঁড়িয়েছে ১১৭৫.৩৫।

মিয়ানমারের বিপক্ষে ড্রয়ের প্রভাব পড়েছে তাদের র‌্যাঙ্কিংয়েও। এক ধাপ পিছিয়ে ৫৫তম স্থান থেকে ৫৬তম স্থানে নেমেছে দলটি। বাংলাদেশের সঙ্গে ড্র করায় মিয়ানমারের পয়েন্ট কমেছে ৫.৫৪।

গত বছর মিয়ানমারকে হারিয়েই প্রথমবারের মতো এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। সেই সাফল্যের কারণে সংশ্লিষ্ট র‌্যাঙ্কিং পর্বে বাংলাদেশের পয়েন্ট ও অবস্থানের উন্নতি হয়েছিল।

Muktomon/TA