বাভুমার রেকর্ডগড়া সেঞ্চুরি, ঘুরে দাঁড়াল দক্ষিণ আফ্রিকা

অস্ট্রেলিয়ার বিপক্ষে গবেরহা টেস্টে সেঞ্চুরি করার পর দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে গবেরহা টেস্টে সেঞ্চুরি করার পর দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা।

মুক্তমন রিপোর্ট : অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে পিছিয়ে থাকা দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিং বিপর্যয় থেকে টেনে তুলেছেন অধিনায়ক টেম্বা বাভুমা। গবেরহায় দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১১০ রানে ৬ উইকেট হারানোর পর মার্কো জানসেনের সঙ্গে সপ্তম উইকেটে ১৩২ রানের জুটি গড়েন তিনি। তুলে নেন রেকর্ডগড়া সেঞ্চুরিও।

দক্ষিণ আফ্রিকার ঘরের মাঠে বৃষ্টিবিঘ্নিত ম্যাচটিতে বাভুমা ২২৬ বলে শতরান পূর্ণ করেন। অস্ট্রেলীয় অধিনায়ক প্যাট কামিন্সের বলে ডিপ মিডউইকেটে চার মেরে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। এর মধ্য দিয়ে গবেরহায় টেস্টে সেঞ্চুরি করা দক্ষিণ আফ্রিকার প্রথম অধিনায়ক হন বাভুমা। এর আগে ১৯৯২ সালে ভারতের বিপক্ষে এই ভেন্যুতে প্রোটিয়া অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ৯২ রান করেছিলেন কেপলার ওয়েসেলস।

টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরির পথে বাভুমা ১১টি চার ও একটি ছক্কা মারেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে এটি তাঁর প্রথম টেস্ট শতক এবং অধিনায়ক হিসেবে এই সংস্করণে চতুর্থ সেঞ্চুরি।

অন্য প্রান্তে দারুণ ব্যাটিং করেছেন জানসেনও। তবে সেঞ্চুরির আগেই থামতে হয় তাঁকে। স্কট বোল্যান্ডের বলে আউট হওয়ার আগে ১০০ বলে ৯টি চার ও ৩টি ছক্কায় ৮৫ রান করেন তিনি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে আট নম্বরে ব্যাট করতে নেমে টেস্টে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড গড়েন জানসেন। এর আগে ১৯৯৮ সালে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৭ রান করেছিলেন ব্রায়ান ম্যাকমিলান।

প্রতিবেদন প্রকাশের সময় দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে সংগ্রহ ছিল ৭ উইকেটে ৩০৬ রান। বাভুমা ১২২ এবং সিমন হারমার ২১ রানে অপরাজিত ছিলেন।

এর আগে দক্ষিণ আফ্রিকার টপ অর্ডারে ধস নামান অস্ট্রেলিয়ার পেসার স্কট বোল্যান্ড। ২৫ ওভারে ৬৩ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি। এটি তাঁর টেস্ট ক্যারিয়ারের তৃতীয় পাঁচ উইকেট শিকার। গবেরহায় টেস্টে পাঁচ উইকেট নেওয়া দ্বিতীয় অস্ট্রেলীয় বোলারও তিনি। ১৯৯৭ সালে একই ভেন্যুতে প্রথম এই কীর্তি গড়েছিলেন জেসন গিলেস্পি, যিনি ৫৪ রানে ৫ উইকেট নিয়েছিলেন।

এ ছাড়া ৩৭ বছর ১৯০ দিন বয়সে টেস্টে পাঁচ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার দ্বিতীয় বয়োজ্যেষ্ঠ পেসার হিসেবে এই কীর্তি গড়েন বোল্যান্ড। তাঁর আগে ১৯০৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৩৯ বছর ২৩১ দিন বয়সে ৮ উইকেট নিয়েছিলেন ফ্র্যাঙ্ক লেভার।

Muktomon/TA