মুক্তমন রিপোর্ট : সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে দায়িত্ব পালন করা মুহাম্মদ আশফাক হোসেইন পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন দায়িত্ব পেয়েছেন। তাকে পরিচালক (পররাষ্ট্রমন্ত্রীর দপ্তর) পদে পদায়ন করা হয়েছে। পাশাপাশি তিনি আরও দুটি অনুবিভাগের পরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক এক অফিস আদেশে এ পদায়নের বিষয়টি জানানো হয়। নতুন দায়িত্বের পাশাপাশি আশফাক হোসেইন পরিচালক (অভিবাসন ও অনিবাসী বাংলাদেশি বিষয়ক অনুবিভাগ) এবং পরিচালক (আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক অনুবিভাগ) হিসেবে দায়িত্ব পালন করবেন।
দুবাইয়ে কর্মরত থাকাকালে তিনি প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ এবং কনস্যুলার সেবার মান উন্নয়নে কাজ করেছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। কনস্যুলেটের অবকাঠামোগত উন্নয়ন, নিরাপত্তা জোরদার এবং সেবা প্রদানের প্রক্রিয়া আধুনিকায়নেও তিনি উদ্যোগ নেন।
দুবাইয়ে দায়িত্ব পালন শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন দায়িত্ব পাওয়ায় সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি, ব্যবসায়ী নেতা ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা তাকে অভিনন্দন জানিয়েছেন।
প্রবাসীরা আশা প্রকাশ করেন, দুবাইয়ে দায়িত্ব পালনের অভিজ্ঞতা নতুন কর্মক্ষেত্রে কাজে লাগিয়ে তিনি অভিবাসন, আন্তর্জাতিক নিরাপত্তা এবং প্রবাসী বাংলাদেশিদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ভূমিকা রাখতে পারবেন।
আশফাক হোসেইনের নতুন দায়িত্বে সাফল্য ও পেশাগত অগ্রগতি কামনা করেছেন সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিরা।
Muktomon/TA