মুক্তমন রিপোর্ট : সৌদি আরবের দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহতের সংখ্যা বেড়ে দুজনে দাঁড়িয়েছে। নিহতদের একজন ভারতীয় নাগরিক, অপরজন সৌদি আরবের নাগরিক। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
এর আগে বুধবার সন্ধ্যায় দাম্মাম বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালানো হয়। হামলাটি ইয়েমেনের হুথি গোষ্ঠী চালিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে হামলায় ড্রোন নাকি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, সে বিষয়ে সৌদি কর্তৃপক্ষ বিস্তারিত জানায়নি।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। অন্যরা সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরাপত্তা বাহিনীর সহায়তায় নিরূপণ করা হচ্ছে। তবে অল্প সময়ের মধ্যেই বিমানবন্দরে উড়োজাহাজের ওঠানামা স্বাভাবিক হয়ে আসে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত জুলাই থেকে সৌদি আরব ও হুথিদের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়। ওই মাসে ইয়েমেনের রাজধানী সানায় একটি উড়োজাহাজ অবতরণে বাধা দেওয়ার চেষ্টা করে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। উড়োজাহাজটিতে ইরান থেকে হুথি নেতারা ফিরছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনার পর হুথিরা সৌদি আরবের বিমানবন্দর ও তেল পরিশোধনাগার লক্ষ্য করে হামলা চালায়। অন্যদিকে, হুথিদের সানা থেকে সরিয়ে দিতে ‘অপারেশন ডন অব ইয়েমেন’ নামে নতুন অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট। এতে ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে সংঘর্ষ অব্যাহত রয়েছে।
সূত্র : আলজাজিরা
Muktomon/TA