মুক্তমন রিপোর্ট : বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের অবদান খুবই সামান্য হলেও এর প্রভাব মোকাবিলা এবং পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তরের জন্য বিপুল ঋণ নিতে হচ্ছে দেশটিকে। জলবায়ু অর্থায়নের নামে পাওয়া অর্থের বড় অংশ অনুদান না হয়ে ঋণ হওয়ায় সংকট মোকাবিলার পাশাপাশি বাড়ছে বাংলাদেশের আর্থিক দায়।
ঢাকাভিত্তিক গবেষণা সংস্থা চেঞ্জ ইনিশিয়েটিভের (সিআই) সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, ২০০২ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশের জ্বালানি খাতে পাওয়া জলবায়ু অর্থায়নের ৯০ শতাংশের বেশি এসেছে ঋণ হিসেবে।
গবেষণা অনুযায়ী, ওই সময়ে বাংলাদেশের জ্বালানি খাতে জলবায়ু অর্থায়নের পরিমাণ ছিল প্রায় ২ দশমিক ৫৪ বিলিয়ন ডলার। এর মধ্যে ৯২ শতাংশ বা ২ দশমিক ৩৪ বিলিয়ন ডলার ছিল ঋণ। বিপরীতে অনুদান হিসেবে পাওয়া গেছে মাত্র ৮ শতাংশ বা প্রায় ২০৩ মিলিয়ন ডলার।
চেঞ্জ ইনিশিয়েটিভের প্রধান নির্বাহী এম জাকির হোসেন খান বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী নয়, এমন দেশগুলোকে সংকট মোকাবিলায় ঋণ নিতে বাধ্য করা হচ্ছে। বিশ্বব্যাংকের চলতি বছরের ২২ জুলাই প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের জাতীয় গ্রিডে সরবরাহ করা বিদ্যুতের মাত্র ১ দশমিক ৫ শতাংশ আসে নবায়নযোগ্য জ্বালানি থেকে।
অথচ সরকারের নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা ২০২৫ অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে মোট জ্বালানির ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
জাতিসংঘে জমা দেওয়া বাংলাদেশের জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি) পরিকল্পনার তৃতীয় প্রশমন অংশ বাস্তবায়নে প্রয়োজন হবে ১১৬ দশমিক ১৮ বিলিয়ন ডলার। এর মধ্যে ৯০ দশমিক ২৩ বিলিয়ন ডলার আন্তর্জাতিক সহায়তার ওপর নির্ভরশীল।
অন্যদিকে, বাংলাদেশের জাতীয় অভিযোজন পরিকল্পনা (২০২৩-২০৫০) অনুযায়ী, জলবায়ুঝুঁকিতে থাকা ১১টি অঞ্চলের জন্য ১১৩টি বড় উদ্যোগ চিহ্নিত করা হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়নে ২৩০ বিলিয়ন ডলারের বেশি প্রয়োজন হতে পারে। এর প্রায় তিন-চতুর্থাংশ অর্থ ব্যয় করতে হবে ২০৪০ সালের মধ্যে।
পরিকল্পিত উদ্যোগগুলোর মধ্যে রয়েছে উপকূলীয় পোল্ডারের সমন্বিত ব্যবস্থাপনা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও চরম আবহাওয়া থেকে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সুরক্ষায় সমুদ্রবাঁধ এবং ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ।
জাকির হোসেন খানের মতে, বাংলাদেশের পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তরের অর্থায়ন মূলত ঋণনির্ভর। অনুদান ও ঝুঁকি ভাগাভাগি করে বিনিয়োগের সুযোগ তুলনামূলকভাবে কম। তিনি বলেন, জ্বালানি খাতে প্রতি এক ডলার অনুদানের বিপরীতে বাংলাদেশ প্রায় নয় ডলার ঋণ পেয়েছে। অথচ জীবাশ্ম জ্বালানি আমদানির ওপর নির্ভরতা এখনো কাটেনি।
বাংলাদেশের জলবায়ু ও জ্বালানি খাতে ঋণদাতা বড় প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা), ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক (ইআইবি), এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি) এবং জার্মানির কেএফডব্লিউ।
অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়ন, গ্রিন ক্লাইমেট ফান্ড, গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি, ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস এবং বিভিন্ন দেশের উন্নয়ন সহযোগীরা অনুদান দিয়েছে।
কিছু প্রকল্পে ঋণ ও অনুদান—দুই ধরনের অর্থায়নই রয়েছে। যেমন, ইউরোপীয় ইউনিয়ন-ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের নবায়নযোগ্য জ্বালানি উদ্যোগে ৩৫০ মিলিয়ন ইউরো ঋণের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন ৪৫ মিলিয়ন ইউরো অনুদান দিচ্ছে।
জাকির হোসেন খান বলেন, অর্থায়নের উৎসের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো এর শর্ত। অর্থায়নের কারণে দেশের সরকারি ঋণ বাড়ছে, নাকি সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবস্থা তৈরি হচ্ছে—সেটিই বিবেচনা করা প্রয়োজন। জলবায়ু সংকট সৃষ্টিতে যেসব দেশের ভূমিকা সামান্য, শুধু টিকে থাকার জন্য সেসব দেশের ঋণের বোঝা বাড়ানো উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
চেঞ্জ ইনিশিয়েটিভের গবেষণায় বাংলাদেশের জলবায়ুঝুঁকি এবং বৈশ্বিক কার্বন নিঃসরণে দেশটির অবদানের মধ্যে বড় ব্যবধান তুলে ধরা হয়েছে।
গবেষণার তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বে প্রায় ৩৮ দশমিক ৬ বিলিয়ন টন কার্বন ডাই-অক্সাইড নিঃসৃত হয়েছে। এর মধ্যে বাংলাদেশের অবদান ছিল প্রায় ১০ কোটি ৮০ লাখ টন, যা বিশ্বের মোট বার্ষিক নিঃসরণের প্রায় শূন্য দশমিক ২৪ শতাংশ। জীবাশ্ম জ্বালানি ব্যবহার ও শিল্পকারখানা থেকে ঐতিহাসিক মোট কার্বন ডাই-অক্সাইড নিঃসরণে বাংলাদেশের অবদান মাত্র শূন্য দশমিক ১১ শতাংশ বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।
জাকির বলেন, জলবায়ু অর্থায়নে বাড়তি সরকারি ঋণের পরিবর্তে জলবায়ু ন্যায়বিচার, অনুদান ও টেকসই বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।
নলেজ হাব ইনস্টিটিউটের সভাপতি মোয়াজ্জেম হোসেন বলেন, জলবায়ুঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশের অনুদানভিত্তিক সহায়তা পাওয়ার অধিকার রয়েছে। অনুদান পাওয়া না গেলে এ ধরনের প্রকল্পে যৌথ বিনিয়োগ ভালো বিকল্প হতে পারে। এতে দেশের ঋণের বোঝা বাড়বে না।
তিনি আরও বলেন, নবায়নযোগ্য জ্বালানি খাতে সহজ শর্তে ঋণ নেওয়াও জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা অব্যাহত রাখার চেয়ে ভালো।
গবেষণায় বলা হয়েছে, বাংলাদেশ প্রতিবছর যে পরিমাণ কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ করে, তার প্রতি টনের বিপরীতে এখন ২৯ দশমিক ৫২ ডলার ঋণ নিচ্ছে। স্বল্পোন্নত দেশগুলোর গড় ঋণের পরিমাণ ৩০ দশমিক ৪৯ ডলারের তুলনায় বাংলাদেশের এই পরিমাণ কিছুটা কম।
কপ৩১ সম্মেলন উপলক্ষে জাকির হোসেন খান উন্নয়নশীল দেশগুলোর পক্ষে কয়েকটি দাবি তুলে ধরেছেন। এর মধ্যে রয়েছে নিঃশর্ত অনুদান, জলবায়ু-সম্পর্কিত ঋণ মওকুফ, জলবায়ু অর্থায়নের স্বচ্ছ হিসাব এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে এমনভাবে অর্থায়ন নিশ্চিত করা, যাতে দেশের সরকারি ঋণ না বাড়ে।
তিনি বলেন, দেশের আয়ভিত্তিক শ্রেণিবিন্যাসের পরিবর্তে জলবায়ুঝুঁকির মাত্রা বিবেচনা করে সহায়তা দেওয়া উচিত। জলবায়ু অর্থায়ন কোনো দয়া বা দাক্ষিণ্য নয়, বরং এটি একটি বাধ্যবাধকতা।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, কপ৩১ সম্মেলনে বাংলাদেশ অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন এবং জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবিলায় কার্যকর সহায়তা চাইবে।
তুরস্কের আনতালিয়ার উদ্দেশে দেশ ছাড়ার আগে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সম্মেলনে পর্যাপ্ত অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন নিশ্চিত করার ওপর জোর দেবে বাংলাদেশ। বিশেষ করে অভিযোজন এবং জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবিলায় ঋণের বোঝা না বাড়িয়ে অনুদানের পরিমাণ বাড়ানোর দাবি জানানো হবে। পাশাপাশি জলবায়ু তহবিলের আবেদন ও অনুমোদন প্রক্রিয়া সহজ করার বিষয়টিও তুলে ধরবে বাংলাদেশ।
Muktomon/TA