বাড্ডায় যুবককে গুলি, আহত অবস্থায় ঢামেকে ভর্তি

বাড্ডায় যুবককে গুলি, আহত অবস্থায় ঢামেকে ভর্তি

মুক্তমন রিপোর্ট : রাজধানীর দক্ষিণ বাড্ডার দারোগাবাড়ি মোড় এলাকায় উজ্জ্বল নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উজ্জ্বল দক্ষিণ বাড্ডার দারোগাবাড়ি মোড় এলাকার স্থায়ী বাসিন্দা। তার বাবার নাম আব্দুল সাত্তার।

রক্তাক্ত অবস্থায় বাসায় ফেরেন উজ্জ্বল

উজ্জ্বলের ভাই যুবরাজ জানান, রাত ১১টার দিকে বুকের ডান পাশে হাত দিয়ে রক্তাক্ত অবস্থায় বাসায় ফেরেন তার ভাই। এ সময় তিনি শুধু গুলি লাগার কথা জানান।

তবে কারা এবং কী কারণে তাকে গুলি করেছে, সে বিষয়ে উজ্জ্বল কোনো তথ্য দিতে পারেননি বলে জানান যুবরাজ।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে ভর্তি করা হয়।

পুলিশকে জানানো হয়েছে

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ হাবিবুর রহমান জানান, বাড্ডা এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় উজ্জ্বল নামে একজনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার বিষয়ে বাড্ডা থানা পুলিশকে জানানো হয়েছে বলেও জানান তিনি।

কারা এবং কী কারণে উজ্জ্বলকে গুলি করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।