রফিকুল ইসলাম : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জুয়ার আসরে অভিযান চালিয়ে নগদ টাকা, মোবাইল ফোন ও জুয়া খেলার সরঞ্জামসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের বাগভান্ডার এলাকায় বাগভান্ডার বিজিবি ক্যাম্পসংলগ্ন বাজারের পেছনে একটি সুপারি বাগানে দীর্ঘদিন ধরে জুয়ার আসর বসছিল। উপজেলার বিভিন্ন এলাকা থেকে জুয়াড়িরা সেখানে জড়ো হয়ে জুয়া খেলতেন বলে পুলিশের কাছে তথ্য ছিল। একই স্থানে মাদক সেবনেরও অভিযোগ রয়েছে।
মাদক, চোরাচালান ও জুয়ার বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুনের নেতৃত্বাধীন একটি দল।
অভিযানকালে জুয়া খেলার সরঞ্জাম, নগদ ১ হাজার ১০০ টাকা ও তিনটি বাটন মোবাইল ফোনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় কয়েকজন জুয়াড়ি পুলিশের উপস্থিতি টের পেয়ে পাশের নর্দমাযুক্ত গোবরের গাদায় লাফিয়ে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ভূরুঙ্গামারীর বাগভান্ডার এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে মো. ময়নাল হক (৬৫), একই এলাকার বজলার রহমানের ছেলে মো. মাসুম হোসেন (৪৪), খামার পত্রনবীশ এলাকার মৃত করিমের ছেলে মো. গাজীউর রহমান (৪৭) এবং বাগভান্ডার এলাকার সিরাজ উদ্দিনের ছেলে মো. নজরুল ইসলাম (৪১)।
ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, জুয়া ও মাদকের আসর অনেক ক্ষেত্রে একই সঙ্গে পরিচালিত হয়। এসবের বিরুদ্ধে নিয়মিত সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের পাশাপাশি পালিয়ে যাওয়া ব্যক্তিদের বিরুদ্ধেও জুয়া প্রতিরোধ আইন-২০২৬ অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।