মুক্তমন রিপোর্ট : হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত সৌদি-ইয়েমেনি জোটের শীর্ষ কমান্ডার পদে পরিবর্তন এনেছে সৌদি আরব। নতুন কমান্ডার হিসেবে নিয়োগ পেয়েছেন জেনারেল ফায়াদ আল রুয়াইলি। আগের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ফাহদ বিন হামাদ আল-সালমানকে সৌদি প্রতিরক্ষামন্ত্রীর সামরিক উপদেষ্টা করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ১৬ নভেম্বর সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এক রাজকীয় ডিক্রির মাধ্যমে এই নিয়োগের ঘোষণা দেন।
কমান্ডার পরিবর্তনের পাশাপাশি ইয়েমেনের লোহিত সাগর উপকূলের কিছু এলাকা থেকে জোট বাহিনীর সরে যাওয়ার খবর পাওয়া গেছে। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রেসিডেন্সিয়াল কাউন্সিল সরকার জানিয়েছে, অন্তর্বর্তীকালীন রাজধানী এডেনের নিরাপত্তায় মনোযোগ দিতে বাব আল-মানদেব প্রণালির কাছাকাছি এলাকা থেকে সেনা সরানো হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, হুথিদের অগ্রগতির কারণে এডেনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বর্তমানে হুথি নিয়ন্ত্রিত অবস্থান থেকে শহরটির দূরত্ব প্রায় ৬০ কিলোমিটার।
গত সেপ্টেম্বর মাসে হুথিদের অভিযানে ইয়েমেনের সরকারি বাহিনী লোহিত সাগর উপকূলের কয়েকটি এলাকার নিয়ন্ত্রণ হারায়। এর মধ্যে গুরুত্বপূর্ণ বন্দর শহর মোখাও রয়েছে। পরে সৌদি নেতৃত্বাধীন জোটের সহায়তায় সরকারি বাহিনী কয়েকটি অবস্থান পুনরুদ্ধার করলেও মোখা শহরের নিয়ন্ত্রণ ফিরে পায়নি।
ইয়েমেনি সেনাবাহিনীর কর্মকর্তারা আলজাজিরাকে জানিয়েছেন, ‘অপারেশন ডন অব ইয়েমেন’-এর অংশ হিসেবে মারিব, লাহিজ ও আল-জউফ এলাকায় হুথিদের সঙ্গে সংঘর্ষ হয়েছে। তাদের দাবি, এসব অভিযানে ১৭৩ জন হুথি যোদ্ধা হতাহত হয়েছেন।
বাব আল-মানদেব প্রণালির কাছ থেকে সেনা সরানোর সিদ্ধান্তকে বৃহত্তর কৌশলগত পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র মাজেদ আল-নুজাইলি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় তিনি বলেন, এডেনকে সুরক্ষিত রাখতে গণপ্রতিরোধ বাহিনী ও দক্ষিণাঞ্চলীয় শক্তিগুলোর অবস্থান জোরদার করার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এদিকে ইয়েমেনে সংঘাত অব্যাহত থাকায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। হুথি-পন্থী গণমাধ্যমের দাবি, রাজধানী সানায় জোট বাহিনী বিমান হামলা চালিয়েছে। এ ছাড়া তাইজে একটি স্কুলে হামলায় একজন নিহত হওয়ার খবরও প্রকাশিত হয়েছে।
সূত্র : আলজাজিরা
Muktomon/TA