মুক্তমন অনলাইন ডেস্ক | ঢাকা, ১০ অক্টোবর ২০২৬
রাজধানীর তুরাগ থানা এলাকা থেকে খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ওরফে এস কে সাদ্দামকে (৩৭) গ্রেপ্তার করেছে তুরাগ থানা পুলিশ।
শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে তুরাগ থানাধীন খালপাড় ব্রিজসংলগ্ন পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তুরাগ থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার সাদ্দাম হোসেন খুলনার ফুলতলা উপজেলার খানজাহানপুর, পয়গ্রাম এলাকার বাসিন্দা। তার বাবার নাম আকরাম হোসেন ওরফে শেখ আকরাম এবং মায়ের নাম শাহানারা বেগম। তিনি বর্তমানে রাজধানীর ভাটারা থানাধীন সুরাবাড়ু, শাহজাহানপুর এলাকায় বসবাস করছিলেন।
পুলিশ জানায়, পুলিশের অপরাধ তথ্য ব্যবস্থায় (সিডিএমএস) তথ্য পর্যালোচনা করে খুলনা জেলার বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক রাজনৈতিক মামলার তথ্য পাওয়া গেছে। পুলিশ ক্লিয়ারেন্স অ্যান্ড প্রিভেনশন রেকর্ড (পিসিপিআর) অনুযায়ী, তার বিরুদ্ধে দুটি মামলার তথ্য রয়েছে।
এর মধ্যে একটি মামলা খুলনার দিঘলিয়া থানায় ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর দায়ের করা হয়। ওই মামলায় দণ্ডবিধির বিভিন্ন ধারার পাশাপাশি বিস্ফোরক দ্রব্য আইনের ধারাও উল্লেখ রয়েছে। অপর মামলাটি একই বছরের ২৯ আগস্ট ফুলতলা থানায় দায়ের করা হয়। ওই মামলায় বিস্ফোরক দ্রব্য আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে।
তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও নাশকতার ঘটনায় দায়ের করা মামলায় সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সূত্র: তুরাগ থানা পুলিশ।