ফরিদপুরে ছাত্রলীগের মিছিলের দাবি

ফরিদপুরের নগরকান্দায় ঢাকা-বরিশাল মহাসড়কে ছাত্রলীগের মিছিলের ভিডিওর দৃশ্য
ফরিদপুরের নগরকান্দায় ঢাকা-বরিশাল মহাসড়কে ছাত্রলীগের মিছিলের ভিডিওর দৃশ্য

মুক্তমন রিপোর্ট : ফরিদপুরের নগরকান্দায় ঢাকা-বরিশাল মহাসড়কে মিছিল করার দাবি করেছে কার্যক্রম নিষিদ্ধ জেলা ছাত্রলীগ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৮টার দিকে এ মিছিল হয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়। তবে মহাসড়কে মিছিলের ঘটনা অস্বীকার করেছে পুলিশ। অন্যদিকে, ভাঙ্গায় মশাল মিছিল থেকে তিনজনকে আটক করেছে পুলিশ।

সকাল ৯টার দিকে জেলা ছাত্রলীগের সভাপতি তামজীদুল রশিদ চৌধুরী রিয়ান তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে মিছিলের এক মিনিটের একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে শতাধিক ব্যক্তিকে বিভিন্ন স্লোগান দিয়ে সামনে এগিয়ে যেতে দেখা যায়। এ সময় পাশ দিয়ে দূরপাল্লার বাস চলাচল করছিল। মিছিলে নেতৃত্ব দিতে দেখা যায় ছাত্রলীগের জেলা সভাপতি রিয়ানকে।

তবে মহাসড়কে মিছিলের দাবি নাকচ করেছেন নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রাসুল সামদানি আজাদ। তিনি বলেন, ভিডিওটি দেখেছেন, তবে সেটি নগরকান্দা থানার আওতাধীন কোনো মহাসড়কের ঘটনা বলে তাঁর মনে হয়নি। অন্য কোথাও মিছিল করে সেটিকে নগরকান্দার ঘটনা বলে প্রচার করা হয়ে থাকতে পারে।

ওসি আরও বলেন, ভোর ৫টা থেকে পুলিশ মহাসড়কে টহল দিচ্ছে। তাঁর থানা এলাকার কোনো স্থানে এ ধরনের মিছিল হয়েছে বলে তিনি জানেন না।

এদিকে, সোমবার (৯ নভেম্বর) রাত ১০টার দিকে ভাঙ্গা পৌর এলাকার নুরপুরে চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের বাড়ির সামনে মশাল মিছিল করেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন নেতা-কর্মী। এ সময় স্থানীয় বিএনপির নেতা-কর্মী ও সমর্থকেরা তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

মশাল মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে কয়েকজন তরুণকে মশাল হাতে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখান থেকে তিনজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা সবাই অল্পবয়সী। কারও ইন্ধনে তাঁরা মশাল মিছিল করেছিলেন কি না, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Muktomon/TA