মুক্তমন রিপোর্টার : ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার ভোরে শুরু হওয়া এ হামলা কয়েক ঘণ্টা ধরে চলে এবং সকাল পর্যন্ত অব্যাহত ছিল বলে জানিয়েছেন ইউক্রেনীয় কর্মকর্তারা।
হামলায় গুদাম, বন্দর, জ্বালানি অবকাঠামো এবং শিল্প স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করা হয়েছে। রাতভর চালানো হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ২৫৮টি ড্রোন ব্যবহার করা হয় বলে জানা গেছে।
কিয়েভে হামলার সময় একাধিক দফায় জেটচালিত ড্রোন শহরের আকাশে প্রবেশ করে। এ সময় সেগুলো প্রতিহত করতে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে। বিস্ফোরণ ও প্রতিরক্ষা ব্যবস্থার গোলাগুলির শব্দের মধ্যেই বৃহস্পতিবার সকালে রাজধানীর বাসিন্দাদের কর্মস্থলের উদ্দেশে বের হতে দেখা যায়।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চলতি সপ্তাহে জানিয়েছিলেন, দেশটি যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা ব্যবহারের জন্য সম্প্রতি অল্পসংখ্যক নতুন ইন্টারসেপ্টর পেয়েছে। এসব ইন্টারসেপ্টর দ্রুতগতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম।
এদিকে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে একটি গাড়ি বিস্ফোরণে একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির তদন্তকারী কর্তৃপক্ষ।
রুশ সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে নিহত ব্যক্তিকে দেশটির সেনাবাহিনীর একজন কর্মকর্তা হিসেবে উল্লেখ করা হয়েছে। ঘটনাটি ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়ায় সাম্প্রতিক লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ডগুলোর ধারাবাহিকতার অংশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে গাড়ি বিস্ফোরণের প্রকৃত কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে রুশ কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানায়নি।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে উভয় দেশের ভূখণ্ডেই সামরিক ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা এবং বিস্ফোরণের ঘটনা সাম্প্রতিক সময়ে বেড়েছে। সর্বশেষ হামলাগুলোর মধ্য দিয়ে সংঘাতের তীব্রতা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।