জুলাইয়ের চেতনাকে ধারণ করে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

আইইবি আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানের আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি
আইইবি আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানের আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি

মুক্তমন রিপোর্ট: জাতীয় স্বার্থে ২০২৪ সালের জুলাইয়ে যেভাবে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল, একইভাবে জুলাইয়ের চেতনাকে ধারণ করে ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি

শনিবার (৮ আগস্ট) ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে আইইবি ঢাকা কেন্দ্র আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা, ডকুমেন্টারি প্রদর্শনী ও স্মরণিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে দীর্ঘ ১৬ বছরের শাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয়। তিনি দাবি করেন, নিরপেক্ষ নির্বাচন ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপি দীর্ঘদিন আন্দোলন-সংগ্রাম করেছে।

তিনি আরও বলেন, “জুলাই কোনো দলের একক কৃতিত্ব নয়, জুলাই এ দেশের জনগণের।” জুলাইয়ের চেতনা সমুন্নত রাখা এবং জুলাই সনদ বাস্তবায়নে প্রধানমন্ত্রীর অঙ্গীকারের কথাও তুলে ধরেন তিনি।

এ্যানি চৌধুরী বলেন, জুলাইয়ের প্রশ্নে কোনো আপস করা হবে না। বাংলাদেশে আর কখনো ফ্যাসিবাদ কায়েম হতে দেওয়া হবে না এবং গণতন্ত্র হত্যার সুযোগ কাউকে দেওয়া হবে না। একই সঙ্গে ফ্যাসিবাদ, উগ্রবাদ ও চরমপন্থার বিষয়ে গণতন্ত্রকামী জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয় এবং স্মরণিকার মোড়ক উন্মোচন করেন অতিথিরা। এ ছাড়া জুলাই আন্দোলনের সংগঠক হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মো. গোলাম রব্বানী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবিদুল ইসলাম আবিদকে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ এমপি এবং নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন বকুল

আলোচনা সভায় সভাপতিত্ব করেন আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মো. হেলাল উদ্দিন তালুকদার। অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন, রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম রিজু, আইইবি সাধারণ সম্পাদক ও ওয়াসা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী অধ্যাপক ড. সাব্বির মোস্তফা খানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।