মুক্তমন ডেস্ক : জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, ২০২৭ সালের পবিত্র রমজান মাস ৮ ফেব্রুয়ারি, সোমবার শুরু হতে পারে। সে হিসাবে ঈদুল ফিতর হতে পারে ৯ মার্চ, মঙ্গলবার অথবা ১০ মার্চ, বুধবার। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করায় রমজান ও ঈদের চূড়ান্ত তারিখ পরে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সমিতির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং আরব জ্যোতির্বিজ্ঞান ও মহাকাশবিজ্ঞান ইউনিয়নের সদস্য ইব্রাহিম আল জারওয়ান এ পূর্বাভাস দিয়েছেন।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আল জারওয়ানের হিসাব অনুযায়ী, নতুন চাঁদের জন্মের পর রোববার সন্ধ্যায় তা খালি চোখে দেখা যেতে পারে। চাঁদ দেখার ভিত্তিতে ইসলামি হিজরি ১৪৪৮ সনের জমাদিউল আউয়াল মাস ১২ অক্টোবর, সোমবার শুরু হতে পারে বলে তিনি জানিয়েছেন।
জ্যোতির্বিজ্ঞানের এই হিসাব অনুযায়ী, রমজান শুরুর আগে আরও চারটি চান্দ্র মাস পার হতে হবে।
রমজান হতে পারে ২৯ অথবা ৩০ দিনের
জ্যোতির্বিজ্ঞানের পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের রমজান মাস ২৯ বা ৩০ দিনের হতে পারে। সে ক্ষেত্রে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ৯ ও ১০ মার্চ।
তবে জ্যোতির্বিজ্ঞানের হিসাব সম্ভাব্য তারিখ সম্পর্কে ধারণা দিলেও তা চূড়ান্ত ঘোষণা নয়। বাংলাদেশসহ বিভিন্ন দেশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাঁদ দেখার ঘোষণা অনুযায়ী রমজান শুরু ও ঈদুল ফিতরের তারিখ নির্ধারিত হবে।