হাম উপসর্গে একদিনে ১১ জনের মৃত্যু, মৃতের সংখ্যা ছাড়াল ১ হাজার

হাম উপসর্গে একদিনে ১১ জনের মৃত্যু, মৃতের সংখ্যা ছাড়াল ১ হাজার

মুক্তমন রিপোর্ট : দেশে হাম পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৭০ জন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৬ জন। এর মধ্যে নিশ্চিত হামে ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৭৫ জনের মৃত্যু হয়েছে।

কোন বিভাগে কত মৃত্যু

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রামে দুজন এবং সিলেট, খুলনা ও রংপুর বিভাগে একজন করে মারা গেছেন।

একই সময়ে নতুন করে ১ হাজার ১৫৭ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এর ফলে গত ১৫ মার্চ থেকে সন্দেহভাজন হামে আক্রান্তের মোট সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৮৩ হাজার ৪৪৯ জন।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১১৩ জন। এ নিয়ে দেশে নিশ্চিত হামে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৮৫১ জনে।

হাসপাতালে ভর্তি দেড় লাখের বেশি

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে সারাদেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে মোট ১ লাখ ৬২ হাজার ৪৮ জন রোগী ভর্তি হয়েছেন।

এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫৫ হাজার ৬১২ জন।

সব মিলিয়ে নিশ্চিত ও সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ২ লাখ ৪ হাজার ৩০০ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণের আওতায় এসব তথ্য সংগ্রহ করা হচ্ছে।