মুক্তমন রিপোর্ট : জিবুতির উপকূলে বাব আল-মান্দেব প্রণালির কাছে নৌকাডুবির ঘটনায় অন্তত ১৩৯ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও অন্তত ৮৪ জন। নিহতদের মধ্যে ১৫টি শিশু রয়েছে।
জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বেঁচে যাওয়া যাত্রীদের বরাত দিয়ে সংস্থাটি জানায়, গত ৮ অক্টোবর রাত থেকে ৯ অক্টোবর ভোরের মধ্যে কোনো এক সময় নৌকাটি ডুবে যায়। এতে তিন শতাধিক যাত্রী ছিলেন বলে জানা গেছে।
জিবুতির কোস্টগার্ডের তৎপরতায় ৮০ জনের বেশি যাত্রী প্রাণে বেঁচে যান। আইওএমকে তাঁরা জানিয়েছেন, তাঁরা সবাই ইথিওপিয়ার নাগরিক। বাব আল-মান্দেব প্রণালি পেরিয়ে ইয়েমেন হয়ে সৌদি আরবে প্রবেশের পরিকল্পনা ছিল তাঁদের। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে।
আইওএমের জিবুতি মিশনের প্রধান আলেকজান্দ্রে কোইসাক এ ঘটনাকে মর্মান্তিক উল্লেখ করে শোক প্রকাশ করেছেন। তিনি জানান, জরুরি সহায়তা দিতে সংস্থাটির দল স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে ঘটনাস্থলে কাজ করছে।
কোইসাক বলেন, উন্নত অর্থনৈতিক সুযোগের সন্ধানে ঝুঁকিপূর্ণ অভিবাসনপথ পাড়ি দিতে গিয়ে মানুষ কী ধরনের বিপদের মুখে পড়েন, এই দুর্ঘটনা তা আবারও স্মরণ করিয়ে দিয়েছে।
অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) কোইসাক জানান, সরকারি কর্তৃপক্ষ যেসব মরদেহের দাফন করেছে, মৃত্যুর হিসাবে আপাতত সেগুলোই অন্তর্ভুক্ত করা হয়েছে। অভিবাসীরাও কয়েকজনকে দাফন করেছেন বলে জানা গেছে। তবে কর্তৃপক্ষের শনাক্তকরণ ও যাচাই সম্পন্ন না হওয়া পর্যন্ত তাঁদের সরকারি হিসাবে যুক্ত করা হবে না।
জিবুতি ও ইয়েমেনের মধ্যবর্তী বাব আল-মান্দেব প্রণালি হর্ন অব আফ্রিকা থেকে উপসাগরীয় দেশগুলোতে যেতে ইচ্ছুক অভিবাসীদের কাছে একটি পরিচিত পথ। প্রণালিটির সবচেয়ে সরু অংশের প্রস্থ প্রায় ২০ কিলোমিটার। তবে সমুদ্রপথটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
কর্মসংস্থান ও উন্নত জীবনের আশায় অনেক অভিবাসী এ পথে যাত্রা করেন। আঞ্চলিক অস্থিতিশীলতা ও সংঘাতের মধ্যেও তাঁদের যাত্রা অব্যাহত রয়েছে।
আইওএমের তথ্য অনুযায়ী, গত ১০ সেপ্টেম্বরের পর থেকে ইথিওপিয়া থেকে জিবুতিতে ২০ হাজারের বেশি মানুষের আগমন নথিভুক্ত করেছে সংস্থাটি। গত বছর পাঁচ লাখেরও বেশি মানুষ এ পথ ধরে ইয়েমেনে যাওয়ার চেষ্টা করেন। তাঁদের মধ্যে অন্তত ৯০০ জনের মৃত্যু হয় অথবা তাঁরা নিখোঁজ হন।
অন্যদিকে, ইয়েমেনে সংঘাতের কারণে দেশটি থেকে পালিয়ে কয়েক হাজার মানুষ জিবুতিতে আশ্রয় নিচ্ছেন। ফলে দেশটি অভিবাসীদের যাত্রাপথের পাশাপাশি সংঘাত থেকে পালিয়ে আসা মানুষের আশ্রয়স্থল হিসেবেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
Muktomon/TA