রিয়াদের পর দাম্মাম বিমানবন্দরে হুথিদের হামলা

রিয়াদের পর দাম্মাম বিমানবন্দরে হামলার দায় স্বীকার করেছে হুথি গোষ্ঠী
রিয়াদের পর দাম্মাম বিমানবন্দরে হামলার দায় স্বীকার করেছে হুথি গোষ্ঠী

মুক্তমন রিপোর্ট : সৌদি আরবের রাজধানী রিয়াদের পর এবার দেশটির পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনা ঘটেছে। ইয়েমেনের হুথি গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (গাকা) বরাতে জানা গেছে, গত রোববার স্থানীয় সময় সন্ধ্যার পর দাম্মাম বিমানবন্দরে হামলা হয়। তবে এ ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিমান চলাচল কর্তৃপক্ষ বা বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
এর আগে শনিবার ও রোববার রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। রোববারের হামলায় একজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
রিয়াদ থেকে প্রায় ৪১০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত দাম্মাম সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের রাজধানী। শহরটি দেশটির তেল ও গ্যাস শিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানে গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো রয়েছে। কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর পূর্বাঞ্চলীয় প্রদেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যোগাযোগের অন্যতম প্রধান প্রবেশদ্বার।
রোববার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে হুথি গোষ্ঠীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া কাসিম সারী রিয়াদ ও দাম্মামে হামলার কথা স্বীকার করেন। তিনি বলেন, আগামী দিনগুলোতে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে আরও কঠোর হামলা চালানো হবে। এ কারণে বিমান সংস্থা, বিমানবন্দরের কর্মী ও যাত্রীদের সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
হুথি মুখপাত্র আরও দাবি করেন, শনিবার থেকে রোববার ভোর পর্যন্ত ২৪ ঘণ্টায় সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী হুথি নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ১২৪টি বিমান হামলা চালিয়েছে। এসব হামলার জবাবে সৌদি আরবের রিয়াদ ও দাম্মামের বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।
সূত্র : ইন্ডিয়া টুডে

MUktomon/TA