সিংড়ায় মসজিদ ও খেলার মাঠের জমি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন

সিংড়ার বিলতাজপুরে মসজিদ ও ফুটবল মাঠের জমি দখলমুক্ত করার দাবিতে গ্রামবাসীর মানববন্ধন।
সিংড়ার বিলতাজপুরে মসজিদ ও ফুটবল মাঠের জমি দখলমুক্ত করার দাবিতে গ্রামবাসীর মানববন্ধন।

নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় মসজিদ ও ফুটবল খেলার মাঠের জমি অবৈধ দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন গ্রামবাসী। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার ৩ নং ইটালী ইউনিয়নের বিলতাজপুর গ্রামের খেলার মাঠ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রায় দুই শতাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, বিলতাজপুর গ্রামের জামে মসজিদ ও ফুটবল খেলার মাঠের নামে প্রায় ২০ থেকে ২২ বিঘা জমি রয়েছে। গত ৫০ বছর ধরে গ্রামের মানুষ এসব জমি ধর্মীয়, সামাজিক ও বিভিন্ন জনকল্যাণমূলক কাজে ব্যবহার করে আসছেন। কিন্তু প্রতিপক্ষের কয়েকজন ব্যক্তি আওয়ামী লীগ সরকারের আমলে জাল দলিল তৈরি করে মসজিদ ও খেলার মাঠের জমি জবরদখল করেছেন।

বক্তারা আরও অভিযোগ করেন, খেলার মাঠের একাংশ কেটে পুকুর খনন করায় গ্রামের শিশু-কিশোর ও যুবকদের খেলাধুলা বন্ধ হয়ে গেছে। একসময় মাঠটি সবার জন্য উন্মুক্ত থাকলেও বর্তমানে সেখানে ধান মাড়াই ও সংগ্রহসহ বিভিন্ন কাজে গ্রামবাসীকে বাধা দেওয়া হচ্ছে। এমনকি সাধারণ মানুষের চলাচলেও বাধা সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেন তাঁরা।

মানববন্ধন থেকে বক্তারা মসজিদ ও খেলার মাঠের জমি অবৈধ দখলমুক্ত করে জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করার দাবি জানান। একই সঙ্গে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধনে বক্তব্য দেন বিলতাজপুর জামে মসজিদের সভাপতি মো. জিল্লুর রহমান, গ্রাম্য প্রধান মাহাবুব, আব্দুল মতিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।এ বিষয়ে প্রতিপক্ষের গোলাপ হোসেন বলেন, ‘আমরা জমিদারের ওয়ারিশদের কাছ থেকে ওই জমি কিনেছি। আমাদের কাছে জমির দলিল ও নামজারি-খারিজের কাগজপত্র রয়েছে।

Muktomon/TA