বিনোদন ডেস্ক : সিয়াম আহমেদ, নাজিফা তুষি ও চঞ্চল চৌধুরী অভিনীত নতুন সিনেমা ‘আবার দেখা হলে’ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। নির্মাতা শঙ্খ দাশগুপ্তের পরিচালনায় সিনেমাটি সবকিছু ঠিক থাকলে আগামী রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
ফেলে আসা সময়, স্মৃতি এবং নিজেকে নতুন করে আবিষ্কারের গল্প নিয়ে নির্মিত হচ্ছে সিনেমাটি। এর চিত্রনাট্য লিখেছেন মো. সাইফুল্লাহ রিয়াদ। সহপ্রযোজক ও অফিশিয়াল ডিজিটাল পার্টনার হিসেবে যুক্ত হয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে এমআইবি স্টুডিওস।
প্রেক্ষাগৃহের জন্য শঙ্খ দাশগুপ্তের এটি দ্বিতীয় সিনেমা। এর আগে তাঁর পরিচালনায় মুক্তি পেয়েছে ‘প্রিয় মালতী’। এ ছাড়া ওটিটির জন্য নির্মিত তাঁর ‘চা গরম’ দর্শকের প্রশংসা পেয়েছিল।
নতুন সিনেমার গল্প প্রসঙ্গে নির্মাতা শঙ্খ দাশগুপ্ত বলেন, এটি মধ্যবিত্ত পরিবারের গল্প। এতে আবেগ, পারিবারিক মূল্যবোধ, বাস্তব জীবনের দ্বন্দ্ব ও নাটকীয়তার পাশাপাশি হাস্যরসও রয়েছে। দর্শকের পরিচিত ও পছন্দের অভিনয়শিল্পীদের উপস্থিতি সিনেমাটির অন্যতম শক্তি বলেও উল্লেখ করেন তিনি।
সিনেমাটির সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, চরকি বিভিন্ন অনুভূতির গল্প তুলে ধরতে বিশ্বাসী। ‘আবার দেখা হলে’ পরিবার ও নিজেকে নতুন করে ফিরে দেখার গল্প। প্রেক্ষাগৃহে দর্শকেরা পরিবার নিয়ে সিনেমাটি উপভোগ করতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
সিয়াম আহমেদ ও নাজিফা তুষি ছাড়াও সিনেমাটিতে অভিনয় করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা চঞ্চল চৌধুরী, দীপা খন্দকার, আজিজুল হাকিম, বিজরী বরকতুল্লাহ ও রেজওয়ান পারভেজ।
Muktomon/TA